ডিসেম্বর ২, ২০২৫, ১০:৩১ পিএম
তীব্র শৈত্যপ্রবাহের শঙ্কা কম থাকলেও চলতি ডিসেম্বরে বাংলাদেশের কিছু অঞ্চলের তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ১ ডিসেম্বর সোমবার এক মাস মেয়াদি পূর্বাভাসে এই তথ্য প্রকাশ করা হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, সামগ্রিকভাবে ডিসেম্বর মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এ সময় দক্ষিণ বঙ্গোপসাগর এবং তার আশপাশের এলাকায় এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
এই লঘুচাপগুলোর মধ্যে একটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। যদিও আবহাওয়াবিদরা জানিয়েছেন,
এই ঘূর্ণিঝড় বাংলাদেশ থেকে দূরে দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় হওয়ার সম্ভাবনা বেশি, যা শ্রীলঙ্কার উপকূলের কাছাকাছি। এ কারণে দেশের জন্য বড় ধরনের চিন্তার কোনো কারণ নেই বলেই ধারণা করা হচ্ছে।তাপমাত্রার বিষয়ে অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ডিসেম্বর মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে থাকবে। মাসের মাঝামাঝি সময়ে দেশের পশ্চিম ও উত্তরাঞ্চলে এক থেকে দুটি মৃদু শৈত্যপ্রবাহ (৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি শৈত্যপ্রবাহ (৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যেতে পারে।
আবহাওয়াবিদদের মতে, তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মাঝারি শৈত্যপ্রবাহ বলা হয়। এই সময়ে দেশের নদী অববাহিকায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে এবং অন্যান্য স্থানে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে গিয়ে শীতের অনুভূতি বাড়বে। এছাড়া দীর্ঘমেয়াদি পূর্বাভাসে দেশের প্রধান নদ-নদীগুলোর স্বাভাবিক প্রবাহ বজায় থাকবে বলে জানানো হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন