বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কনকনে শীতের দাপট

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৩, ২০২৫, ১০:২০ এএম

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কনকনে শীতের দাপট

হিমালয় পর্বতমালার কাছাকাছি হওয়ায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শুরু হয়েছে তীব্র শীতের দাপট। কনকনে ঠান্ডা বাতাস আর হালকা কুয়াশায় এ অঞ্চলের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে, যা স্থানীয় জনজীবনে চরম ভোগান্তি সৃষ্টি করেছে।

আজ বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।

যদিও গতকাল মঙ্গলবার সকাল ৯টায় তাপমাত্রা ছিল ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, তবে উত্তর দিক থেকে নেমে আসা হিমশীতল বাতাসের কারণে শীতের অনুভূতি বহুগুণে বেড়েছে। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ, যা ঠান্ডা আরও বাড়িয়ে দিয়েছে।

গত কয়েক দিন ধরে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় শীত জেঁকে বসেছে। বিশেষ করে তেঁতুলিয়া ও এর আশেপাশের এলাকায় রাত থেকে শুরু করে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে সড়ক-মহাসড়ক। এর ফলে যানবাহনগুলোকে দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে, যা সড়কে দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। শীতের তীব্রতা সবচেয়ে বেশি ভোগাচ্ছে খেটে খাওয়া সাধারণ মানুষকে। কনকনে ঠান্ডার কারণে অনেকেই সকালে কাজে বের হতে পারছেন না, ফলে তাদের রোজগারে টান পড়ছে।

গ্রামীণ এলাকাগুলোতে মানুষজন গরম কাপড় জড়িয়ে এবং আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। অন্যদিকে, ঠান্ডা বৃদ্ধির সঙ্গে সঙ্গে শীতজনিত রোগে আক্রান্তের হারও বাড়তে শুরু করেছে। বিশেষ করে শিশু ও বয়স্করা শ্বাসতন্ত্রের সমস্যাসহ বিভিন্ন রোগে বেশি পরিমাণে আক্রান্ত হচ্ছেন। স্থানীয় হাসপাতালগুলোতে ইতিমধ্যে রোগীর চাপ বাড়তে শুরু করেছে।

এ বিষয়ে তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, এই এলাকাটি কাঞ্চনজঙ্ঘা-হিমালয়ের কাছাকাছি হওয়ায় উত্তর দিক থেকে প্রবাহিত হিমেল বাতাসের প্রভাব সরাসরি এখানে এসে পড়ে। এতে তাপমাত্রা কম থাকে এবং তীব্র শীত অনুভূত হয়। তিনি আরও বলেন, সামনের দিনগুলোতে তাপমাত্রা ধীরে ধীরে আরও কমতে পারে এবং শীতের তীব্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে।