ডিসেম্বর ৫, ২০২৫, ১০:১৯ এএম
হিমেল হাওয়ার কারণে প্রকৃতিতে শীতের প্রভাব বাড়তে শুরু করেছে। এরই মধ্যে দেশের সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১২ ডিগ্রি সেলসিয়াসে। এই অবস্থায় চলতি ডিসেম্বর মাস থেকে শুরু করে আগামী ফেব্রুয়ারির মধ্যেই দেশে তীব্র শৈত্যপ্রবাহ হানা দিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
একই সঙ্গে এই সময়ের মধ্যে বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি ও বজ্রবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। সম্প্রতি ৩ মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এই তথ্য জানিয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, চলতি ডিসেম্বর, ২০২৫ থেকে পরবর্তী ৩ মাসে (ডিসেম্বর, ২০২৫ এবং জানুয়ারি-ফেব্রুয়ারি, ২০২৬) দেশে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এই সময়ের মধ্যে মোট ৩ থেকে ৮টি মৃদু (০৮-১০ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (০৬-০৮ ডিগ্রি সেলসিয়াস) ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে ২ থেকে ৩টি শৈত্যপ্রবাহ তীব্র (০৪-০৬ ডিগ্রি সেলসিয়াস) রূপ নিতে পারে। যদিও এই সময়ে দিনের ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে।আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আরও বলা হয়, এই তিন মাসে শেষরাত থেকে সকাল পর্যন্ত নদ-নদী অববাহিকাসহ দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার দেখা মিলতে পারে।
তবে কখনো কখনো এই ঘন কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। এছাড়াও ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে যাওয়ার ফলে শীতের অনুভূতি অনেকটাই বৃদ্ধি পেতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ফেব্রুয়ারি মাসের শেষার্ধে দেশের কোথাও কোথাও ১ থেকে ২ দিন শিলাবৃষ্টিসহ বজ্রঝড় হতে পারে। এই পূর্বাভাস অনুযায়ী সারাদেশের মানুষকে শীতের তীব্রতা মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন