ডিসেম্বর ১২, ২০২৫, ১০:১৬ এএম
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলাসহ জেলার বিভিন্ন এলাকায় গত দুদিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। এতে তীব্র শীত অনুভূত হচ্ছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিস সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে।
এর আগে বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। সাধারণত সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নামলে ওই এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায়।
তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, তেঁতুলিয়া এবং এর আশপাশের এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে এবং এই আবহাওয়া পরিস্থিতি আরও ২-৩ দিন থাকতে পারে।
তিনি বলেন, আজ (শুক্রবার) সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়, এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ১০০ শতাংশ। যদিও রাতের তাপমাত্রা কমলেও দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।এদিকে, পঞ্চগড়ের আশপাশের জেলায় গত কয়েক দিন থেকে হিমালয়ের হিমেল বাতাসে ঠান্ডা অব্যাহত রয়েছে। দিনের বেলায় রোদের ঝলমলে দেখা মিললেও তেমন উত্তাপ নেই।
রাতে ও সকালে ঠান্ডার কারণে গ্রাম-গঞ্জের মানুষ শীতের গরম কাপড় পরিধান করছে। হঠাৎ শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় নিম্ন আয়ের মানুষ তীব্র কষ্টে দিন কাটাচ্ছেন। অন্যদিকে, শীতের তীব্রতা বাড়ায় হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর ভিড় বাড়ছে। বহির্বিভাগে প্রতিদিনই অসংখ্য রোগী চিকিৎসা নিচ্ছেন, যাদের বেশিরভাগই শিশু ও বৃদ্ধ। যারা বেশি অসুস্থ হয়ে পড়ছেন, কেবল তারাই হাসপাতালে ভর্তি হচ্ছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন