রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

পঞ্চগড়ে ১২.৫ ডিগ্রি তাপমাত্রায় বৃষ্টির মতো ঝরছে কুয়াশা

আবু সালেহ মো. রায়হান

ডিসেম্বর ২৩, ২০২৫, ১০:১৭ এএম

পঞ্চগড়ে ১২.৫ ডিগ্রি তাপমাত্রায় বৃষ্টির মতো ঝরছে কুয়াশা

ছবি-দিনাজপুর টিভি

হিমালয় কন্যা খ্যাত পঞ্চগড়ে ঘন কুয়াশা আর হাড়কাঁপানো হিমেল বাতাসে স্থবির হয়ে পড়েছে জনজীবন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ৬টা ও ৯টায় উত্তরের এই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৫ ডিগ্রি সেলসিয়াস।

সরেজমিনে দেখা গেছে, সোমবার সন্ধ্যার পর থেকেই কুয়াশার চাদরে ঢাকা পড়ে গোটা জেলা। রাতভর বৃষ্টির মতো ঝরা কুয়াশা আর হিমালয় থেকে বয়ে আসা হিমেল বাতাস শীতের তীব্রতাকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।

মঙ্গলবার সকাল গড়িয়ে ৮টা বাজলেও সূর্যের দেখা মেলেনি। ফলে মহাসড়ক ও গ্রামীণ সড়কে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে অত্যন্ত সতর্কতার সাথে চলাচল করতে দেখা গেছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, আজ সকালে বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ এবং ঘণ্টায় ৯ থেকে ১০ কিলোমিটার বেগে হিমেল বাতাস জেলাজুড়ে বয়ে যাচ্ছে। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.৭ ডিগ্রি সেলসিয়াস। দিন ও রাতের তাপমাত্রার এই বড় পার্থক্যের কারণে শীতজনিত রোগের প্রকোপ বাড়ছে।

শীতের তীব্রতায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন জেলার পাথর শ্রমিক, দিনমজুর ও কৃষি শ্রমিকেরা। তীব্র শীতের কারণে ভোরে কাজে বের হতে পারছেন না তারা। স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন তাপমাত্রার এমন পরিস্থিতি বজায় থাকতে পারে এবং কুয়াশার পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।