জানুয়ারি ৯, ২০২৬, ০৮:২৯ পিএম
উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত। ঘন কুয়াশা আর হিমালয় থেকে আসা হিমেল বাতাসে হিমালয় পাদদেশের এই জেলার স্বাভাবিক জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। তীব্র শীতের কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর, যানবাহন চালক, শিশু ও বয়স্করা।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, শুক্রবার (৯ জানুয়ারি) ভোর ৬টায় জেলার চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ এবং হিমেল বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১০ থেকে ১২ কিলোমিটার।
এর আগে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বুধবার (৭ জানুয়ারি) ছিল ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। পরিসংখ্যানে দেখা যাচ্ছে, মাত্র দুদিনের ব্যবধানে তাপমাত্রা দ্রুত হ্রাস পেয়ে জনজীবনকে স্থবির করে দিয়েছে।স্থানীয়রা জানান, রাতভর বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। দিনের বেলা সূর্যের দেখা মিললেও কাঙ্ক্ষিত উত্তাপ না থাকায় শীতের তীব্রতা কমছে না।
ঘন কুয়াশার কারণে সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। শ্রমজীবী মানুষ তীব্র শীতের কারণে ভোরে কাজে বের হতে পারছেন না। হাড়কাঁপানো শীত থেকে বাঁচতে অনেক স্থানেই মানুষ খড়কুটো জ্বালিয়ে আগুন পোহানোর চেষ্টা করছেন।তেঁতুলিয়া আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন এই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং তাপমাত্রা আরও কমতে পারে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন