বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

ঢাকাসহ দেশের ৫ অঞ্চলে ৬০ কিমি বেগে কালবৈশাখী ঝড়ের শঙ্কা

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ১০, ২০২৬, ০৬:৪৩ পিএম

ঢাকাসহ দেশের ৫ অঞ্চলে ৬০ কিমি বেগে কালবৈশাখী ঝড়ের শঙ্কা

ঝোড়ো হাওয়ার শঙ্কা

ঢাকাসহ দেশের পাঁচটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। আজ শুক্রবার বিকেলে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় এই পূর্বাভাস দেওয়া হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয় বিকেল চারটা থেকে রাত একটার মধ্যে দেশের নির্দিষ্ট কিছু এলাকার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে তীব্র ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

সতর্কবার্তায় উল্লেখিত অঞ্চলগুলো হলো ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট। আবহাওয়া অফিস জানিয়েছে এসব এলাকার ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে সংশ্লিষ্ট এলাকাগুলোতে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। 

বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।এদিকে শুক্রবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার নিয়মিত পূর্বাভাসে জানানো হয়েছে যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অংশে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির পূর্বাভাস থাকলেও জনজীবনে গরমের তীব্রতা এখনই কমছে না। 

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী সারা দেশে আজ দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে অধিদপ্তরের পর্যবেক্ষণে বলা হয় লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ এখন দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। বাতাসের দিক পরিবর্তন এবং লঘুচাপের প্রভাবেই দেশের বিভিন্ন স্থানে বৈশাখী ঝড়ের এমন প্রবণতা দেখা দিচ্ছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।