শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

আগামী ৫ দিন দেশের বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা

দিনাজপুর টিভি ডেস্ক

মে ৩০, ২০২৬, ০৭:২২ পিএম

আগামী ৫ দিন দেশের বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা

দেশজুড়ে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে এর পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের অফিশিয়াল ওয়েবসাইটে আগামী পাঁচ দিনের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।সরকারি এই পূর্বাভাসে স্বাক্ষর করেছেন আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া চলতে পারে। এর সঙ্গে বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

পরের দিন অর্থাৎ রবিবারও চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং দেশের অন্যান্য বিভাগের দু-এক জায়গায় একই ধরনের বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। এরপর মঙ্গলবার ও বুধবার ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং অন্যান্য অঞ্চলের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই দুই দিন দেশের কয়েকটি এলাকায় ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।

বর্দ্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে। এর ফলে আগামী দিনগুলোতে দেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।