শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

উজানে ভারী বর্ষণের পূর্বাভাস নদ-নদীর পানি বাড়ার শঙ্কা

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১১, ২০২৬, ০১:৩২ পিএম

উজানে ভারী বর্ষণের পূর্বাভাস নদ-নদীর পানি বাড়ার শঙ্কা

আজ থেকে পরবর্তী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে ভারতের উজানের রাজ্যগুলোতে, বিশেষ করে আসাম, মেঘালয়, সিকিম ও এর আশেপাশের এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এর ফলে দেশের রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের নদ-নদীর পানি বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট পর্যবেক্ষণ সংস্থা।

বিশেষ করে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও এর আশেপাশের কিছু জেলার নদ-নদীর পানি বাড়তে পারে। ইতিমধ্যে বেশ কয়েকটি জেলায় নদ-নদীর পানি সাময়িক বিপদসীমা অতিক্রম করে অতি বন্যাপ্রবণ নিচু এলাকা প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তাই এসব জেলার নদীতীরবর্তী জনসাধারণকে আগামী তিন থেকে চার দিন বিশেষ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং পরবর্তীতে আরও বিস্তারিত আপডেট জানানো হবে।