অলিউর রহমান মিরাজ
ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৩:৪২ পিএম
ছবি-দিনাজপুর টিভি
শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ভালো ফলনের আশা নিয়ে বোরো ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকা এবং সময়মতো চারা রোপণ করতে পারলে বাম্পার ফলন আসবে—এমনটাই প্রত্যাশা এ অঞ্চলের চাষিদের।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে নবাবগঞ্জে মোট ১৭ হাজার ৮৫৫ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে হাইব্রিড জাতের ধান ৫ হাজার ৮৪৫ হেক্টর এবং উফশী জাতের ধান ১২ হাজার ১০ হেক্টর জমিতে চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহিদুল ইসলাম ইলিয়াস জানান, সোমবার (০২ ফেব্রুয়ারি) পর্যন্ত লক্ষ্যমাত্রার প্রায় ৫ শতাংশ জমিতে রোপণ কাজ শেষ হয়েছে। আর ২-৪ দিনের মধ্যে পুরো দমে রোপণ কার্যক্রম শুরু হবে। তিনি আরও জানান, এখন পর্যন্ত উপজেলায় সার, বীজ কিংবা সেচের পানির কোনো সংকট তৈরি হয়নি। কৃষি বিভাগ থেকে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও তদারকি করা হচ্ছে।
মাঠে গিয়ে দেখা যায়, হাড়কাঁপানো শীত উপেক্ষা করে সকাল থেকেই চারা তোলা ও রোপণের কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তাদের মতে, সঠিক সময়ে চারা রোপণ করলে রোগবালাই কম হয় এবং ফলনও ভালো পাওয়া যায়। কাঙ্ক্ষিত ফলন ঘরে তুলতে পারলে বিগত সময়ের লোকসান কাটিয়ে উঠতে পারবেন বলে আশা করছেন নবাবগঞ্জের কৃষকরা।