রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬,

৬ বিঘা জমিতে ১৬ লাখ টাকার কলা বিক্রির স্বপ্ন

কৃষি ডেস্ক

আগস্ট ১৬, ২০২৬, ০৬:৪৯ পিএম

৬ বিঘা জমিতে ১৬ লাখ টাকার কলা বিক্রির স্বপ্ন

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার লাটেরহাট এলাকায় কলা চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন কৃষক আব্দুর রাজ্জাক। দীর্ঘদিনের অভিজ্ঞতায় এবারও তিনি তিন একর বা ছয় বিঘা জমিতে কলার আবাদ করেছেন। অন্যান্য ফসলের চেয়ে কলা চাষ তুলনামূলক বেশি লাভজনক হওয়ায় এই আবাদের প্রতি তার বিশেষ আগ্রহ রয়েছে।

চলতি মৌসুমে এরই মধ্যে বাগান থেকে কলা কাটা শুরু হয়েছে। আব্দুর রাজ্জাক জানান, প্রতি বিঘা জমিতে তার খরচ হয়েছে প্রায় ৬০ থেকে ৭০ হাজার টাকা। সব মিলিয়ে ছয় বিঘায় তার উল্লেখযোগ্য পরিমাণ অর্থ বিনিয়োগ হয়েছে। তবে খরচের তুলনায় লাভের অঙ্কটা বেশ আশাব্যঞ্জক।

তার প্রত্যাশা, প্রতি বিঘা জমি থেকে তিন থেকে সোয়া তিন লাখ টাকার কলা বিক্রি করা সম্ভব হবে। সেই হিসাবে পুরো জমির কলা বিক্রি করে প্রায় ১৫ থেকে ১৬ লাখ টাকা আয়ের আশা করছেন তিনি। ইতোমধ্যেই তিনশো কলার ছড়ি বিক্রি সম্পন্ন হয়েছে। প্রতি ১০০ ছড়ি কলা প্রায় ৫৫ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে বলে জানান এই কৃষক। এখন পর্যন্ত তিনি প্রায় তিন লাখ টাকার কলা বিক্রি করেছেন।

উৎপাদিত এসব কলা শুধু স্থানীয় বাজারেই সীমাবদ্ধ থাকছে না। রাজধানী ঢাকার ওয়াইজঘাট, তেজগাঁও, বউবাজার এবং নারায়ণগঞ্জের মতো বিভিন্ন বড় আড়তে এই কলা সরবরাহ করা হচ্ছে। কলার ভালো ফলন ও ন্যায্য দামে বিক্রি করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন এই কৃষক।