সেপ্টেম্বর ৯, ২০২৬, ০৫:৪০ পিএম
বর্ষা মৌসুমে গ্রামীণ অর্থনীতিতে এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে প্রকৃতিতে প্রাকৃতিকভাবে জন্ম নেওয়া শাপলা ফুল। দেশের বিভিন্ন অঞ্চলের জলাভূমি ও বিলে এই ফুল এখন হাজারো মানুষের জীবিকা ও আয়ের প্রধান ভরসায় পরিণত হয়েছে। বর্ষার সময় মাঠঘাট প্লাবিত হলে কৃষিকাজের স্থবিরতার মাঝে গ্রামীণ জনপদের মানুষ বিল থেকে শাপলা সংগ্রহ করে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন। ঋতুভিত্তিক এই শাপলাকে কেন্দ্র করে প্রতিবছর মৌসুমে কোটি টাকার বাণিজ্য হয়ে থাকে।
গোপালগঞ্জের শিংগাবিল, চান্দার বিল, মোল্লার বিল ও সাতপারের মতো বিস্তীর্ণ জলাভূমিগুলোতে বর্ষার শুরু থেকেই শাপলার প্রাচুর্য দেখা যায়। ধানের মৌসুম শেষ হওয়ার পর বেকার হয়ে পড়া কৃষক ও শ্রমিকেরা নৌকা বা সাঁতার কেটে বিল থেকে শাপলা সংগ্রহ করেন। সংগৃহীত এসব শাপলা স্থানীয় কাঁচাবাজার পেরিয়ে খুলনা, যশোর, ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন বড় শহরে সরবরাহ করা হয়। দামে সাশ্রয়ী এবং পুষ্টিকর হওয়ায় সাধারণ মানুষের খাদ্যতালিকায় শাপলার চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
স্থানীয় কৃষিজীবীরা জানান, মৌসুমের এই চার থেকে পাঁচ মাসে একজন শ্রমিক প্রতিদিন আটশ থেকে এক হাজার টাকা পর্যন্ত আয় করতে সক্ষম হন। এর সাথে জড়িত পাইকারি ব্যবসায়ী ও ফরিিয়ারাও অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের তথ্য অনুযায়ী, শাপলা সম্পূর্ণ কীটনাশক বা বালাইনাশকমুক্ত একটি নিরাপদ খাদ্য। এতে প্রচুর পরিমাণে আয়োডিন ও প্রয়োজনীয় পুষ্টি উপাদান বিদ্যমান থাকায় এটি মানবদেহের জন্য অত্যন্ত উপকারী। বর্ষার স্থবিরতাকে পেছনে ফেলে বিলের এই শাপলাই এখন গ্রামীণ মানুষের আর্থিক সচ্ছলতার এক অনন্য হাতিয়ার হয়ে উঠেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন