শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,

শততম মঞ্চায়নের বিশেষ আয়োজন, এক যুগ পর ফিরছে ‘ডাকঘর’

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৬, ২০২৫, ০৮:৩১ পিএম

শততম মঞ্চায়নের বিশেষ আয়োজন, এক যুগ পর ফিরছে ‘ডাকঘর’

ছবি - সংগৃহীত

দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর ঢাকার মঞ্চে আবারও বেজে উঠেছে অমলের মুক্তির ডাক। নাট্যদল ‘পালাকার’-এর অন্যতম সফল ও প্রশংসিত প্রযোজনা, রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী নাটক ‘ডাকঘর’, ফিরছে তার শততম প্রদর্শনীর বিশেষ আয়োজন নিয়ে।আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এবং আগামীকাল শুক্রবার (১৭ অক্টোবর) বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে নাটকটির ৯৮, ৯৯ এবং ১০০তম প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

শামীম সাগরের নির্দেশনায় এই প্রযোজনাটি মুক্তির আকাঙ্ক্ষা, অপেক্ষা আর জীবনের গভীর দর্শনের এক শৈল্পিক রূপায়ণ হিসেবে দর্শক ও সমালোচকদের কাছে সমাদৃত হয়েছে। অসুস্থ শিশু অমলের জানালা দিয়ে বাইরের জগৎ দেখার তীব্র আকুতি এবং নিষেধের বেড়াজাল ডিঙিয়ে জীবনের ডাক শোনার এই গল্প আজও প্রাসঙ্গিক।

নাট্যদল পালাকার জানিয়েছে, ২০০২ সালে প্রতিষ্ঠার পর থেকে ‘ডাকঘর’ তাদের অন্যতম সফল প্রযোজনা, যা দেশে ও বিদেশে বিভিন্ন নাট্যোৎসবে অংশ নিয়ে প্রশংসা কুড়িয়েছে। দীর্ঘ বিরতির পর শততম মঞ্চায়নের এই বিশেষ মুহূর্তের সাক্ষী হওয়ার জন্য তারা সকল নাট্যপ্রেমীকে আমন্ত্রণ জানিয়েছেন।

প্রদর্শনীর সময়সূচি:

  • বৃহস্পতিবার, ১৬ অক্টোবর: সন্ধ্যা ৭টা (৯৮তম প্রদর্শনী)।

  • শুক্রবার, ১৭ অক্টোবর: বিকেল ৫টা (৯৯তম প্রদর্শনী) এবং সন্ধ্যা ৭টা (শততম প্রদর্শনী)।