নভেম্বর ২৯, ২০২৫, ০৭:২৪ পিএম
এনসিপি নেতা সারজিস আলম এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন তাঁর নিজ জেলা পঞ্চগড়-১ আসন থেকে। এই আসনে বিএনপি, জামায়াতসহ অন্যান্য দলের প্রার্থীর সঙ্গে এবার যোগ হচ্ছেন স্বতন্ত্র প্রার্থীও।
গতকাল শুক্রবার দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের লিলারমেলা বাজারে সংবাদ সম্মেলন করে নিজেকে পঞ্চগড়-১ আসনে স্বতন্ত্র প্রার্থী ঘোষণা করেন ওই এলাকার বাসিন্দা মাজেদুর রহমান লিটন।
পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী উপজেলা নিয়ে গঠিত এই আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন।পেশায় বেসরকারি চাকুরীজীবী লিটন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে এমকম সম্পন্ন করেছেন।
নিজের দায়বদ্ধতা থেকে মানুষের জন্য কাজ করার মনোবাসনা নিয়ে এবার তিনি সারজিস আলমসহ অন্যান্য হেভিওয়েট প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে সংবাদ সম্মেলনে ঘোষণা দেন।মাজেদুর রহমান লিটন বলেন, "রাজনৈতিক পরিবারের সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। রাজনৈতিক দলের বাইরেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার রয়েছে। আমার দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা এবং এলাকার মানুষের সাথে যে সম্পর্ক, তাতে তাদের কমিন্টমেন্টগুলো আমি সহজেই বাস্তবায়ন করতে পারবো।
তিনি নির্বাচনী নিয়মের সমালোচনা করে বলেন, "আমরা যারা স্বতন্ত্র প্রার্থী আছি, আমাদের কেন আগেই এক শতাংশ সমর্থক রাজি করাতে হবে? এই নিয়ম পরিবর্তন করতে হবে।"তিনি নির্বাচিত হলে রাস্তাঘাট, স্বাস্থ্যসেবার উন্নয়ন, কৃষকের পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং বেকার যুবকদের জন্য কর্মসংস্থানসহ বিভিন্ন উন্নয়ন করবেন বলে প্রতিশ্রুতি দেন।লিটন তাঁর ভিশন তুলে ধরে বলেন, "সেবা, উন্নয়ন ও মানবিক রাজনীতি আমার ভিশন। রাজনীতি কেবল পেশা নয়, সেবা হিসেবে নিতে চাই।"
তিনি আরও বলেন, "আমি কাউকে অসম্মান করবো না। আমি মিথ্যা প্রতিশ্রুতি দেবো না। আমি অর্থ, প্রলোভন বা ভয় দেখিয়ে ভোট নেবো না; বরং আমি মানুষের দরজায় যাবো, মানুষের কথা শুনবো, মানুষের সমস্যার সমাধানে কাজ করবো।"পরে তিনি এলাকার মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। এ সময় তাঁর সমর্থকরা উপস্থিত ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন