ডিসেম্বর ১৩, ২০২৫, ১২:০৭ এএম
চট্টগ্রাম ব্যুরো: ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর রাজধানীর বিজয়নগরে সশস্ত্র হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘বীর চট্টলার ছাত্র-জনতা।
ও জুলাই অভ্যুত্থানের নেতৃত্বদানকারী বিভিন্ন সংগঠনের ব্যানারে শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট সংলগ্ন বিপ্লব উদ্যানে জড়ো হয়ে বিক্ষোভকারীরা বিশাল মিছিল শুরু করেন। মিছিলটি বিপ্লব উদ্যান থেকে শুরু হয়ে নগরীর ওয়াসা মোড় ঘুরে পুনরায় একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশ থেকে বক্তারা হামলাকারীদের চিহ্নিত করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের কঠোর আল্টিমেটাম দেন।বিক্ষোভকারীরা তাদের বক্তব্যে এই হামলার পেছনে ‘ভারতীয় আধিপত্যবাদী ও ফ্যাসিস্ট শক্তির’ প্রভাব রয়েছে বলে অভিযোগ করেন। তারা বলেন,জুলাই গণঅভ্যুত্থানের দেড় বছর পরও জুলাইয়ের সম্মুখসারির একজন নেতার ওপর দিনদুপুরে এমন হামলা মানে পুরো বাংলাদেশের সার্বভৌমত্ব ও জুলাই বিপ্লবের চেতনার ওপর হামলা। এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করে বিপ্লবীদের দমিয়ে রাখা যাবে না।
‘বীর চট্টলার ছাত্র-জনতা’র ব্যানারে আয়োজিত এই বিক্ষোভে রাজনৈতিক ও অরাজনৈতিক বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। এর মধ্যে উল্লেখযোগ্য সংগঠনগুলো হলো:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণঅধিকার পরিষদ।
ইসলামী ছাত্রশিবির ও জাতীয়তাবাদী ছাত্রদল।
জাতীয় ছাত্রশক্তি, জাতীয় যুবশক্তি ও আপ বাংলাদেশ।
খেলাফতে মজলিস এবং ইনকিলাব মঞ্চ।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি নির্ধারিত সময়ের মধ্যে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা না হয়, তবে বন্দরনগরী চট্টগ্রাম থেকে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর কালভার্ট রোড এলাকায় নির্বাচনি প্রচারণাকালে দুর্বৃত্তরা ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি করে। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন