ডিসেম্বর ১৩, ২০২৫, ১০:৫২ এএম
ঢাকার কেরানীগঞ্জের আগানগর এলাকায় বাবুবাজার সংলগ্ন জাবালে নুর সুপার মার্কেট কাম আবাসিক ভবনে লাগা আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট একযোগে কাজ করছে।
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালিয়ে ভবনটি থেকে এখন পর্যন্ত ৪২ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন।
শনিবার (১৩ ডিসেম্বর) সকালে প্রেস ব্রিফিংয়ে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেন।
লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরী জানান,ভবনটির বেজমেন্টে থাকা একটি ঝুটের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ভবনের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং ভেতরে আটকা থাকা অন্য বাসিন্দাদের উদ্ধারে অভিযান চলছে।"তিনি বলেন, আগুন লাগা ভবনে কোনো ধরনের কেমিক্যালের অস্তিত্ব পাওয়া যায়নি এবং বিস্ফোরণেরও কোনো আলামত মেলেনি। তবে জুট গোডাউন ও ঘন ধোঁয়ার কারণে উদ্ধার এবং আগুন নেভানোর কাজে বেশ বেগ পেতে হচ্ছে।
বেজমেন্টে থাকা প্রতিটি গোডাউনের শাটার ভেঙে ভেতরে প্রবেশ করে কাজ করতে হচ্ছে। তবে আগুন যেন আশপাশের ভবনে ছড়িয়ে না পড়ে, সে বিষয়টি নিশ্চিত করা গেছে।ফায়ার সার্ভিস জানায়, শনিবার ভোর ৫টা ৩৭ মিনিটে এই মার্কেট কাম আবাসিক ভবনে আগুন লাগার খবর পাওয়া যায়। ভবনের নিচের অংশে জুট, পোশাকসহ বিভিন্ন সামগ্রীর গুদাম রয়েছে এবং ওপরের অংশে বসবাসের ব্যবস্থা রয়েছে।এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেছেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক। তিনি ভবনটির নির্মাণে অনিয়মের ইঙ্গিত দিয়ে বলেন,প্রাথমিকভাবে দেখা গেছে, এই ভবনে বিল্ডিং কোড মানা হয়নি।
গ্যারেজের জন্য নির্ধারিত জায়গায় গোডাউন করা হয়েছে, যা আইনের সুস্পষ্ট ব্যত্যয়।"ভবনগুলোর অনুমোদন আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ইউএনও। এই ঘটনায় তিনি পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেন। তদন্ত কমিটির প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী ভবন মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন