ডিসেম্বর ১৩, ২০২৫, ১১:৪৬ এএম
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকাকালীন তার গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে ঝালকাঠির নলছিটি শহরের খাসমহল এলাকায় এই চুরির ঘটনা ঘটে।
ওসমান হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।সিরাজুল ইসলাম জানান, শুক্রবার দুপুরে রাজধানীতে ওসমান হাদির ওপর গুলির খবর পেয়ে পরিবারের সদস্যরা এদিন বিকেলেই ঝালকাঠি থেকে ঢাকায় রওনা দেন।
বাড়িতে কেউ না থাকার এই সুযোগ কাজে লাগিয়ে দুর্বৃত্তরা জানালা ভেঙে ঘরে প্রবেশ করে চুরির ঘটনা ঘটায়।ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তিনি বলেন,
“কী পরিমাণ মালামাল নিয়েছে, এখনও সেটা আমরা জানতে পারিনি।”নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম এই ঘটনার বিষয়ে কালবেলাকে নিশ্চিত করে বলেন,আমরা ঘটনাস্থলে এসেছি। চুরির ঘটনা তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্য, শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে রিকশায় করে যাওয়ার সময় সন্ত্রাসীদের গুলিতে ওসমান হাদি গুরুতর আহত হন। জরুরি অস্ত্রোপচার শেষে বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন। তার এই হামলার ঘটনার পরপরই গ্রামের বাড়িতে চুরির ঘটনাটি উদ্বেগ সৃষ্টি করেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন