বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬,

হাদির ওপর হামলা সীমান্তজুড়ে বিজিবি’র রেড অ্যালার্ট জারি

মোঃ আব্দুর রাজ্জাক

ডিসেম্বর ১৩, ২০২৫, ০৫:৩১ পিএম

হাদির ওপর হামলা সীমান্তজুড়ে বিজিবি’র রেড অ্যালার্ট জারি

ছবি-দিনাজপুর টিভি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির ওপর সংঘটিত গুলিবর্ষণের ঘটনায় জড়িত সন্ত্রাসীরা যেন সীমান্ত ব্যবহার করে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) কর্তৃক সীমান্ত এলাকায় বিশেষ টহল।

কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।আজ শনিবার (১৩ ডিসেম্বর) দিনাজপুর ৪২ বিজিবি'র পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজিবি সূত্র জানায়, গত ১২ ডিসেম্বর, শুক্রবার শরীফ ওসমান হাদির ওপর হামলার প্রেক্ষিতে সংশ্লিষ্ট সন্ত্রাসীরা যেন সীমান্ত দিয়ে পালাতে না পারে, সে উদ্দেশ্যে একই দিন সন্ধ্যা থেকে দিনাজপুর ব্যাটালিয়ন কর্তৃক সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল তৎপরতা জোরদার করা হয়।

এছাড়াও, সীমান্তজুড়ে কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। সীমান্তবর্তী বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের তল্লাশি ও জিজ্ঞাসাবাদ কার্যক্রম অব্যাহত রয়েছে।বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, তারা দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিতকরণে সর্বদা সচেষ্ট।

চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমন এবং কুখ্যাত সন্ত্রাসী, দুষ্কৃতিকারী ও অপরাধীদের অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি এই অভিযান অব্যাহত রাখবে।স্থানীয় জনসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে, সীমান্ত এলাকায় ঘটনার সাথে জড়িত কোনো সন্ত্রাসীকে সনাক্ত করতে পারলে তাৎক্ষণিকভাবে বিজিবি'র সাথে যোগাযোগ করার জন্য।