সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

বোদায় দুই হাজার শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৪, ২০২৫, ০৮:৪৫ পিএম

বোদায় দুই হাজার শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ

ছবি-দিনাজপুর টিভি

দেশের সর্বউত্তরের হিমালয় কন্যাখ্যাত পঞ্চগড়ে মাদরাসা, প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০০০ শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

গতকাল শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার তেপুকুরিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে সেচ্ছাসেবী সংগঠন শিশুস্বর্গ ফাউন্ডেশন ও এভারেস্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড-এর যৌথ উদ্যোগে এই 'শীত আনন্দ উৎসব' অনুষ্ঠিত হয়।

এসময় রংপুর বিভাগীয় স্থানীয় সরকার বিভাগের পরিচালক (যুগ্মসচিব) আবু জাফর প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের হাতে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ তুলে দেন।

অনুষ্ঠানে এভারেস্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেডের ডিরেক্টর মজনু মোল্লার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন শিশুস্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবীর আহমেদ আকন্দ।শিশুস্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবীর আহমেদ আকন্দ জানান, গত দেড় যুগ ধরে তাঁদের সংগঠন শিশুদের নিয়ে কাজ করে আসছে। বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে তাঁরা ঈদের কাপড় বিতরণ, নতুন টাকা দেওয়া, শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণসহ নানা কল্যাণমুখী কাজ করে যাচ্ছেন এবং আগামীতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বোদা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইউনুস আলী, পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক রায়হানুল আলম প্রধান রিয়েল, সেচ্ছাসেবী সংগঠন সমুহের সমন্বয়ক অ্যাডভোকেট আহসান হাবীব প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা পঞ্চগড়ের গ্রাম পর্যায়ের শিক্ষার্থীদের পড়াশোনার মান বৃদ্ধিতে শিক্ষকদের সহযোগিতা ও অভিভাবকদের আন্তরিকতা বাড়াতে আহ্বান জানান।

শীতবস্ত্র পেয়ে তেঁপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী অয়ন মাহমুদ এবং ষাটোর্ধ্ব নারী আয়েশা আক্তার (নাতিকে নিয়ে এসেছেন) তাদের আনন্দ প্রকাশ করেন। স্থানীয় শিক্ষক আসমা আক্তার এই কার্যক্রম প্রতিবছর অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন।