জানুয়ারি ৯, ২০২৬, ০৭:৪০ পিএম
পঞ্চগড়ের বোদা উপজেলায় ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার ২৮০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে জমকালো ‘শীত আনন্দ উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। উৎসবে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শীতের পোশাক, স্কুলব্যাগ ও বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে বোদা উপজেলার পাঁচপীর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন ‘শিশুস্বর্গ ফাউন্ডেশন’ এই উৎসবের আয়োজন করে। এতে সহযোগিতা প্রদান করে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
উৎসবে প্রতিটি শিশুর হাতে একটি করে হুডি (শীতের পোশাক), উন্নতমানের স্কুলব্যাগ ও খাতা-কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। অনুষ্ঠান শেষে শিশুদের জন্য ডিম ও মুরগির মাংস দিয়ে বিশেষ মধ্যাহ্নভোজের (খিচুড়ি) আয়োজন করা হয়।
শিশুস্বর্গ ফাউন্ডেশনের এটি চতুর্থ আয়োজন। এর আগে জেলার বিভিন্ন স্থানে আরও তিনটি ইভেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। আয়োজকরা জানান, পঞ্চগড় জেলার পাঁচটি ভেন্যুর মাধ্যমে মোট ৭ হাজার ৫০০ সুবিধাবঞ্চিত ও দরিদ্র শিশুকে এই উপহার প্রদান করা হচ্ছে।
পাঁচপীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাদিরা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিশুস্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবির আহমেদ আকন্দ। এতে আরও বক্তব্য দেন পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক রায়হানুল আনম প্রধান রিয়েল এবং বিশিষ্ট সমাজসেবক হুমায়ুন কবীর লায়ন।
আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত শিশুরা যেন তীব্র শীতে কষ্ট না পায় এবং তাদের পড়াশোনায় যেন ব্যাঘাত না ঘটে, সেই লক্ষ্যেই ধারাবাহিকভাবে এই ‘শীত আনন্দ উৎসব’ পালন করা হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন