ডিসেম্বর ২২, ২০২৫, ১১:৪৭ পিএম
টাঙ্গাইলের সখীপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলছাত্রসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কালমেঘা বেলতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে আবির (১৫) ও লিখন (১৫) স্থানীয় কালিদাস কলতান বিদ্যানিকেতনের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
অন্যজন সাব্বির (২০) একই উপজেলার ফুলঝুঁড়িপাড়া এলাকার বাসিন্দা। একসাথে তিন তরুণের অকাল মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে কালমেঘা-নলুয়া সড়কের বেলতলী নামক স্থানে দুটি দ্রুতগামী মোটরসাইকেলের মধ্যে প্রচণ্ড সংঘর্ষ হয়।
এতে দুটি মোটরসাইকেলে থাকা ৫ জন আরোহীই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। এলাকাবাসী তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবিরকে মৃত ঘোষণা করেন। অন্য আহত লিখনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয় এবং সাব্বির রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সখীপুর থানার সেকেন্ড অফিসার মোশারফ হোসেন চৌধুরী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। সড়কে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারণেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন