বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬,

গুলির ঘটনায় সেই এনসিপি নেতার বান্ধবী আটক

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৩, ২০২৫, ১০:১৩ এএম

গুলির ঘটনায় সেই এনসিপি নেতার বান্ধবী আটক

খুলনায় জাতীয় শ্রমিক শক্তির বিভাগীয় আহ্বায়ক ও এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) সংশ্লিষ্ট নেতা মো. মোতালেব শিকদারকে গুলি করার ঘটনায় এক তরুণীকে আটক করেছে পুলিশ। আটককৃত ওই তরুণীর নাম তনিমা তন্বী। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে তন্বীর ভাড়া বাসায় মোতালেব গুলিবিদ্ধ হয়েছিলেন বলে পুলিশের প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে।

সোমবার রাত সোয়া ১০টার দিকে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি তৈমুর ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি পুলিশ।

এর আগে সোমবার রাত সাড়ে ৮টার দিকে খুলনা প্রেসক্লাবে এক আবেগঘন সংবাদ সম্মেলন করেন গুলিবিদ্ধ মোতালেবের স্ত্রী ফাহিমা তাসলিম ঝুমুর।

তিনি অভিযোগ করেন, তার স্বামী রোববার রাতে এক রোগীকে দেখতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন, এরপর আর বাসায় ফেরেননি। সোমবার সকালে তারা জানতে পারেন যে মোতালেব গুলিবিদ্ধ হয়েছেন। ঝুমুর দাবি করেন, তনিমা তন্বী ও তার স্বামী মিরাজকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলেই এই রহস্যজনক গুলির প্রকৃত কারণ এবং এর পেছনে কারা জড়িত তা বেরিয়ে আসবে।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, তনিমা তন্বীর সাথে মোতালেব শিকদারের দীর্ঘদিনের পরিচয় ছিল। ঘটনার দিন দুপুরে তন্বীর বাসায় কোনো বিষয়ে বাকবিতণ্ডা বা পূর্বশত্রুতার জেরে এই গুলির ঘটনা ঘটে থাকতে পারে। মোতালেব শিকদার বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তার শরীরে ঠিক কতটি গুলি লেগেছে এবং সেটি কোন ধরনের অস্ত্র থেকে ছোড়া হয়েছে, তা খতিয়ে দেখছে ব্যালিস্টিক বিশেষজ্ঞরা।খুলনা ডিবি পুলিশ জানায়, তন্বীকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তার স্বামী মিরাজকেও খুঁজে বের করার চেষ্টা চলছে। মোতালেব শিকদারের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। রাজনৈতিক শত্রুতা নাকি ব্যক্তিগত কোনো বিরোধের জেরে এই হামলা, তা নিশ্চিত হতে পুলিশ সিসিটিভি ফুটেজ এবং মোবাইল কল রেকর্ড বিশ্লেষণ করছে।