রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

অস্ত্রের মুখে অপহরণের ৭ ঘণ্টা পর ব্যবসায়ীর লাশ উদ্ধার

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৩, ২০২৫, ১২:১৬ পিএম

অস্ত্রের মুখে অপহরণের ৭ ঘণ্টা পর ব্যবসায়ীর লাশ উদ্ধার

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় একটি শোরুম থেকে অস্ত্রের মুখে অপহরণের মাত্র ৭ ঘণ্টার মাথায় পিন্টু আকন্দ (৩৫) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ ডিসেম্বর) দিবাগত রাতে আদমদীঘি উপজেলার কুমারপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত পিন্টু আকন্দ দুপচাঁচিয়ার লটো শোরুমের স্বত্বাধিকারী এবং নওগাঁ জেলার রানিনগর উপজেলার লোহাচুরা গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজ অনুযায়ী, সোমবার রাত ৯টা ৮ মিনিটের দিকে দুপচাঁচিয়া লটো শোরুমের সামনে একটি সাদা রঙের হাইস মাইক্রোবাস এসে থামে।

গাড়ি থেকে মুখ ঢাকা চারজন দুর্বৃত্ত বেরিয়ে এসে পিন্টুকে আগ্নেয়াস্ত্রের মুখে টেনেহিঁচড়ে গাড়িতে তুলে নেয়। এরপর তারা বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়ক ধরে দ্রুত আদমদীঘির দিকে চলে যায়। ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পুলিশ দ্রুত অভিযানে নামে।বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন জানান, ঘটনার তদন্তে নেমে পুলিশ হত্যায় ব্যবহৃত মাইক্রোবাসটিসহ তিনজনকে আটক করেছে।

আটককৃতরা হলেন—মাইক্রোবাসের চালক সানোয়ার হোসেন (৪০), শাকিল ও সাগর। তাদের বর্তমানে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, বাকি আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে, তবে হত্যার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।ব্যবসায়ী পিন্টু আকন্দের এই নৃশংস হত্যাকাণ্ডের পর স্থানীয় ব্যবসায়ী মহলে তীব্র শোক ও আতঙ্ক বিরাজ করছে। ব্যবসায়ীরা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।