ডিসেম্বর ২৩, ২০২৫, ০৩:০৮ পিএম
উচ্চশিক্ষার সুযোগ ও বেতন গ্রেড বৃদ্ধিসহ ৮ দফা দাবিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কৃষি ডিপ্লোমা প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে সদর উপজেলার সালনা বাজার এলাকায় প্রায় এক ঘণ্টা ধরে এই অবরোধ কর্মসূচি পালন করা হয়।
এ সময় শিক্ষার্থীরা তাদের পূর্বনির্ধারিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির অংশ হিসেবে পর্বসমাপনী পরীক্ষা বর্জন করে রাজপথে নেমে আসেন।
অবরোধ চলাকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে প্রায় ৪-৫ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে কয়েকশ যানবাহন আটকা পড়ে এবং দূরপাল্লার যাত্রী ও অফিসগামী সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন।
আন্দোলনরত শিক্ষার্থীদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার বিশেষ কোটা বা সুযোগ প্রদান, বেসরকারি চাকরিতে ন্যূনতম ১০ম গ্রেড প্রদান এবং কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের মাঠ সংযুক্তি ভাতা নিশ্চিত করা।খবর পেয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
প্রায় এক ঘণ্টা পর পুলিশ কর্মকর্তাদের মধ্যস্থতায় শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। পুলিশ আন্দোলনকারীদের আশ্বস্ত করে যে, তাদের যৌক্তিক দাবিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে এবং সমাধানের উদ্যোগ নেওয়া হবে। এরপর যান চলাচল স্বাভাবিক হতে শুরু করলেও যানজট নিরসনে আরও কিছু সময় লাগে। শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়েছেন, দ্রুত দাবি আদায় না হলে তারা আরও কঠোর আন্দোলনে যাবেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন