আবু সালেহ মো. রায়হান
জানুয়ারি ৩, ২০২৬, ০৩:১৮ পিএম
ছবি-দিনাজপুর টিভি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পঞ্চগড় জেলার দুইটি সংসদীয় আসনে দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান ১২ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন।
প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্রে ত্রুটি থাকায় বাকি ৭ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, পঞ্চগড়-১ ও পঞ্চগড়-২ আসন মিলিয়ে মোট ১৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
এর মধ্যে পঞ্চগড়-১ আসনে ৭ জন এবং পঞ্চগড়-২ আসনে ৫ জনসহ মোট ১২ জনের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়।
বাছাই কার্যক্রম শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা কাজী মো. সায়েমুজ্জামান সাংবাদিকদের জানান, নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী প্রতিটি মনোনয়নপত্র অত্যন্ত নিখুঁতভাবে যাচাই করা হয়েছে। যাঁদের মনোনয়নপত্রে প্রয়োজনীয় তথ্যের ঘাটতি বা আইনি ত্রুটি পাওয়া গেছে, তাঁদের প্রার্থিতা বাতিল করা হয়েছে।
তবে বিধি অনুযায়ী বাতিল হওয়া প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন।মনোনয়নপত্র বৈধ হওয়ার খবর ছড়িয়ে পড়লে বৈধ ঘোষিত প্রার্থীদের সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এখন প্রতীক বরাদ্দ ও আনুষ্ঠানিক প্রচারণার অপেক্ষায় রয়েছেন প্রার্থীরা।