বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬,

চট্টগ্রামে জামায়াত প্রার্থীদের মধ্যে নগদ অর্থে শীর্ষে শাহজাহান চৌধুরী

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৪, ২০২৬, ০২:১৬ পিএম

চট্টগ্রামে জামায়াত প্রার্থীদের মধ্যে নগদ অর্থে শীর্ষে শাহজাহান চৌধুরী

চট্টগ্রামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী জামায়াতে ইসলামীর ১৪ জন প্রার্থীর হলফনামা যাচাই-বাছাই শেষে দেখা গেছে, নগদ অর্থের পরিমাণে সবার শীর্ষে রয়েছেন চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের প্রার্থী শাহজাহান চৌধুরী।

তাঁর কাছে থাকা নগদ অর্থের পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে গেছে, যা জেলার অন্য কোনো প্রার্থীর ধারেকাছেও নেই।

রোববার (৪ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত হলফনামার তথ্য অনুযায়ী, চট্টগ্রাম মহানগর জামায়াতের সাবেক এই আমিরের হাতে বর্তমানে নগদ টাকা আছে ১ কোটি ৩৪ লাখ ৩৭ হাজার ২৫২ টাকা।

এছাড়া ইসলামী ব্যাংকে তাঁর দুটি অ্যাকাউন্টে জমা আছে ৩ লাখ ৯৭ হাজার ৭১২ টাকা এবং ৬ লাখ ৬৭৬ টাকার একটি এফডিআর রয়েছে। হলফনামায় শাহজাহান চৌধুরী নিজের পেশা ‘ব্যবসা’ হিসেবে উল্লেখ করেছেন।২০২৫-২৬ অর্থবছরের আয়কর নথি অনুযায়ী, শাহজাহান চৌধুরীর মোট প্রদর্শিত সম্পদের পরিমাণ ১ কোটি ৪৮ লাখ ৭৮ হাজার ৮১০ টাকা এবং তাঁর গৃহিণী স্ত্রীর সম্পদ দেখানো হয়েছে ২৮ লাখ ৭৫ হাজার টাকা। বার্ষিক আয়ের ক্ষেত্রে তিনি কৃষি খাত থেকে ৬ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা, ব্যবসা থেকে ৯৬ হাজার ৫৯০ টাকা এবং চাকরি থেকে ৩ লাখ ৬০ হাজার টাকা আয় দেখিয়েছেন।

হলফনামায় তিনি তাঁর বিরুদ্ধে বর্তমানে নয়টি মামলা বিচারাধীন থাকার কথা উল্লেখ করেছেন।উল্লেখ্য, শাহজাহান চৌধুরী ১৯৯১ সালে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এবারও তিনি সাতকানিয়া-লোহাগাড়া আসনে জামায়াতের মূল প্রতিদ্বন্দ্বী। এই আসনে তাঁর সাথে আরও লড়াইয়ে রয়েছেন বিএনপির নাজমুল মোস্তফা আমিন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল্লাহ চৌধুরী।

চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী জানান, হলফনামায় তথ্য গোপন বা ভুল তথ্য প্রদান গুরুতর অপরাধ এবং এর ফলে প্রার্থিতা বাতিলসহ আইনি জটিলতা তৈরি হতে পারে। প্রার্থীদের দেওয়া সকল তথ্য নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো নিবিড়ভাবে যাচাই করছে।