জানুয়ারি ৪, ২০২৬, ০৩:৩২ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীকে কাফনের কাপড় পাঠিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। ডাকযোগে পাঠানো একটি বেনামি চিঠিতে তাঁকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলা হয়েছে।
অন্যথায় সম্প্রতি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ‘শরীফ ওসমান হাদি’র মতো পরিণতি ভোগ করতে হবে বলে চিঠিতে হুঁশিয়ারি দেওয়া হয়।
জানা গেছে, গত ২৩ ডিসেম্বর অজ্ঞাত পরিচয়ে শাহজাহান চৌধুরীর ঠিকানায় এই চিঠিটি পৌঁছায়। চিঠিতে ‘ব্যাটালিয়ন ৭১’ নামক একটি গোষ্ঠীর নাম উল্লেখ করে দাবি করা হয়েছে যে, শাহজাহান চৌধুরী বর্তমানে ২৪ ঘণ্টা একটি ‘কিলিং স্কোয়াডের’ নজরদারিতে রয়েছেন।
চিঠির সাথে এক টুকরো সাদা কাফনের কাপড় সংযুক্ত থাকায় এলাকায় চরম চাঞ্চল্য ও ভীতি ছড়িয়ে পড়েছে।এই ঘটনার খবর পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাৎক্ষণিকভাবে শাহজাহান চৌধুরীকে ফোন করে তাঁর খোঁজখবর নেন। তারেক রহমান এই হুমকিকে গণতন্ত্র ও নির্বাচনী প্রক্রিয়ার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হিসেবে অভিহিত করেছেন। তিনি শাহজাহান চৌধুরীকে বিচলিত না হয়ে নির্বাচনী মাঠে শক্ত অবস্থানে থাকার পরামর্শ দেন এবং দলীয়ভাবে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
হুমকির বিষয়ে শাহজাহান চৌধুরী বলেন, “চিঠিটি পোস্ট অফিসের মাধ্যমে পাঠানো হয়েছে। চরাঞ্চল বা পাহাড়ি এলাকার কোনো সন্ত্রাসী গোষ্ঠী এর পেছনে থাকতে পারে। তবে আমি এসবে ভীত নই। মানুষের মৃত্যু একবারই হবে, হুমকি দিয়ে আমাকে দমানো যাবে না।
ব্যারিস্টার সাফফাত ফারদিন রামিম চৌধুরী জানান, এ ঘটনায় উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ জানিয়েছেন, জিডির আবেদন গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। নির্বাচনের আগে এ ধরনের ঘটনায় উখিয়া-টেকনাফ সীমান্ত এলাকায় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন