জানুয়ারি ১৬, ২০২৬, ০৩:৫৩ পিএম
টঙ্গীতে শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু বিচারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা। শুক্রবার (১৬ জানুয়ারি) জুমার নামাজের পর ‘ভারতীয় আধিপত্যবিরোধী ছাত্র-জনতা’ ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে কয়েক শ মানুষ অংশগ্রহণ করেন।
টঙ্গীর এশিয়া পাম্প এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে কলেজ গেট এলাকা প্রদক্ষিণ করে পুনরায় এশিয়া পাম্পে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ চলাকালে মহাসড়কের এক পাশে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়।
সমাবেশে বক্তারা বলেন, শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ড একটি পরিকল্পিত অপরাধ। এই নৃশংস ঘটনার দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিত করা না হলে জনগণের ক্ষোভ আরও বাড়বে। তারা অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশে বক্তব্য দেন জুলাই আন্দোলনের যোদ্ধা লাবিব মুয়ান্নাদ, সাবেক ছাত্রনেতা আফিফ হাসান ইয়াকুব এবং তা`মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদের এজিএস মঈনুল ইসলাম। বক্তারা হুঁশিয়ারি দেন যে বিচার না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে।একই কর্মসূচি থেকে ইনকিলাব মঞ্চের সদস্য আর জে রিয়াদ টঙ্গীর খাঁ-পাড়া এলাকায় তরুণ প্রজন্মের আদর্শিক ও নৈতিক বিকাশের জন্য একটি ‘ইনকিলাব কালচারাল সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা দেন।
উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি গত ডিসেম্বরে হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সেই সময় থেকেই ছাত্র-জনতা এই হত্যার বিচারের দাবিতে দেশব্যাপী সোচ্চার রয়েছে। আজকের কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং পরে পুলিশ ও প্রশাসনের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন