বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

দেবীগঞ্জে বিরল প্রজাতির হিমালয়ান শকুন উদ্ধার

রাসেল আহম্মেদ প্রধান

জানুয়ারি ১৬, ২০২৬, ০৭:৪৪ পিএম

দেবীগঞ্জে বিরল প্রজাতির হিমালয়ান শকুন উদ্ধার

ছবি-দিনাজপুর টিভি

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় একটি বিরল প্রজাতির হিমালয়ান শকুন উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বানিয়াপুর প্রধান পাড়া এলাকা থেকে শকুনটি উদ্ধার করে স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে বানিয়াপুর প্রধান পাড়া এলাকার একটি কৃষি জমির পাশে ছাগল বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, শিকারের উদ্দেশ্যে শকুনটি নিচে নামার সময় পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে মাটিতে পড়ে যায়। এ সময় জমিতে ব্যবহৃত একটি জালে আটকা পড়ে শকুনটি।

জমিতে কাজ করতে থাকা স্থানীয় কৃষক আক্কেল আলী ও তার ছেলে তারেক শকুনটিকে বিপন্ন অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করেন। তারা পাখিটিকে নিরাপদ স্থানে রেখে প্রাথমিক সেবা দেন। বিরল প্রজাতির এই শকুনটি উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় উৎসুক জনতার ভিড় জমে।

পরবর্তীতে বিষয়টি স্থানীয় প্রশাসন ও বনবিভাগকে অবহিত করা হয়। শুক্রবার (১৬ জানুয়ারি) শকুনটিকে নিরাপদ আশ্রয়ের জন্য বনবিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।বনবিভাগ জানিয়েছে, এটি মূলত হিমালয়ান গ্রিফন প্রজাতির শকুন। শীতকালে হিমালয় অঞ্চল থেকে খাবারের সন্ধানে এরা বাংলাদেশে চলে আসে। উদ্ধার হওয়া শকুনটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।