মো.সাদিক হাসান
জানুয়ারি ১৮, ২০২৬, ১০:০৭ এএম
ছবি-দিনাজপুর টিভি
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ৫ নম্বর বুড়াবুড়ি ইউনিয়নে একটি কালো মুখ হনুমানের উপস্থিতি স্থানীয়দের মাঝে ব্যাপক কৌতূহল ও মায়ার সৃষ্টি করেছে। গত প্রায় এক সপ্তাহ ধরে হনুমানটি ওই এলাকার বাজার ও বাসস্ট্যান্ড সংলগ্ন বিভিন্ন দোকানের ছাদে অবস্থান করছে।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, হনুমানটি অত্যন্ত শান্ত স্বভাবের। এটি ক্ষুধার্ত হলে ছাদ থেকে নিচে নেমে আসে এবং স্থানীয় মানুষের বাড়িয়ে দেওয়া বিস্কুট, কলাসহ বিভিন্ন খাবার হাত দিয়ে গ্রহণ করে। এখন পর্যন্ত প্রাণীটি কাউকে কোনো ধরনের আক্রমণ করেনি।
বুড়াবুড়ি বাজার মসজিদের মোয়াজ্জিন মোহাম্মদ আব্দুল হালিম জানান, হনুমানটি গত সাত-আট দিন ধরে আমাদের এখানে আছে। ক্ষুধার্ত হলেই ও নিচে নামে এবং মানুষের দেওয়া খাবার খেয়ে আবার চালে উঠে যায়। তবে লোকালয়ে এভাবে দিনের পর দিন থাকায় এর নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন।
স্থানীয়রা আশঙ্কা করছেন, দীর্ঘদিন লোকালয়ে থাকায় দুষ্টু প্রকৃতির কেউ হনুমানটির ক্ষতি করতে পারে কিংবা এটি দুর্ঘটনার শিকার হতে পারে। তাই জরুরি ভিত্তিতে বন বিভাগের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তারা মনে করছেন, দ্রুত হনুমানটিকে উদ্ধার করে কোনো গভীর বন বা নিরাপদ অভয়ারণ্যে অবমুক্ত করা হলে প্রাণীটির সুরক্ষা নিশ্চিত হবে।