সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

দেবীগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযানে গিয়ে তোপের মুখে প্রশাসন

আবু সালেহ মো রায়হান 

জানুয়ারি ১৯, ২০২৬, ০৭:২২ পিএম

দেবীগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযানে গিয়ে তোপের মুখে প্রশাসন

ছবি-দিনাজপুর টিভি

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় অবৈধ ইটভাটায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে গিয়ে তোপের মুখে পড়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে উপজেলার দণ্ডপাল ইউনিয়নের মৌমারি এলাকায় কালীগঞ্জ-দেবীগঞ্জ সড়কে এই ঘটনা ঘটে।

জানা গেছে, মৌমারী এলাকায় অবৈধ ইটভাটা উচ্ছেদে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম ইমাম রাজী টুলু, নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আলী, সোহেল রানা এবং পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউসুফ আলীর নেতৃত্বে অভিযান পরিচালনার প্রস্তুতি নেওয়া হয়। 

কিন্তু খবর পেয়ে ইটভাটা শ্রমিক ও মালিকেরা একতাবদ্ধ হয়ে কালীগঞ্জ-দেবীগঞ্জ সড়কে গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ শুরু করেন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কর্মকর্তাদের চারপাশ থেকে ঘিরে ফেলে তোপের মুখে ফেলা হয়। উদ্ভূত পরিস্থিতিতে কর্মকর্তারা অভিযান না করেই ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বিক্ষুব্ধ শ্রমিকদের দাবি, ইটভাটা বন্ধ করে দিলে তারা বেকার হয়ে পড়বে। তবে এ বিষয়ে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, ওই এলাকায় দীর্ঘদিন ধরে লাইসেন্সবিহীন ও পরিবেশ বিধিবহির্ভূত বেশ কয়েকটি ইটভাটা পরিচালিত হয়ে আসছে বলে অভিযোগ রয়েছে।