বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

বোদায় সাংবাদিকদের সাথে ফরহাদ হোসেন আজাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ২১, ২০২৬, ০৮:০৫ পিএম

বোদায় সাংবাদিকদের সাথে  ফরহাদ হোসেন আজাদের  মতবিনিময় সভা অনুষ্ঠিত

ছবি-দিনাজপুর টিভি

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ বলেছেন, "নির্বাচিত হলে বোদা ও দেবীগঞ্জ উপজেলাকে পুরোপুরি ঘুষ ও দুর্নীতিমুক্ত ঘোষণা করা হবে। কোনো সাধারণ মানুষ যেন সরকারি অফিসে হয়রানির শিকার না হয়, সে বিষয়ে আমি সজাগ থাকব।"

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে বোদা পৌর সদরের নগরকুমারীস্থ নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নির্বাচনী ইশতেহার ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে ফরহাদ হোসেন আজাদ বলেন, বিএনপি সরকার গঠন করলে ছয় মাসের মধ্যে দেড় কোটি বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। বিশেষ করে তরুণদের প্রশিক্ষণ ও কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা হবে এবং বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। 

এছাড়া কৃষকদের জন্য ‍‍`কৃষক কার্ড‍‍` ও নিম্নবিত্তদের জন্য ‍‍`ফ্যামিলি কার্ড‍‍` চালুর মাধ্যমে সামাজিক সুরক্ষা নিশ্চিত করা হবে।সাম্প্রদায়িক সম্প্রীতি প্রসঙ্গে তিনি বলেন, "বিএনপি স্বাধীনতার স্বপক্ষের এবং সাম্প্রদায়িক সম্প্রীতির দল। এ দেশে সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলতে কিছু নেই; হিন্দু-মুসলিমসহ সকল ধর্মের মানুষ সমান রাষ্ট্রীয় সুবিধা ভোগ করবে।

মতবিনিময় সভায় বোদা প্রেসক্লাবের সাংবাদিকসহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় তিনি বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে এলাকার রাস্তাঘাট ও স্বাস্থ্য সেবার মানোন্নয়নের প্রতিশ্রুতি দেন।