শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬,

সীতাকুণ্ডে আবুল খায়ের স্টিল মিলে আগুন

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২৪, ২০২৬, ১১:৩২ পিএম

সীতাকুণ্ডে আবুল খায়ের স্টিল মিলে আগুন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর চৌধুরীঘাটা এলাকায় অবস্থিত আবুল খায়ের স্টিল রি-রোলিং মিলসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুরে মিলের ভেতরে কাজ চলাকালীন সময়ে এই আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে কারখানার ওয়েস্টেজ অংশে রাখা বিপুল পরিমাণ মূল্যবান কাঁচামাল পুড়ে ছাই হয়ে গেছে। 

মিল কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা অনুযায়ী অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। তবে ঘটনার সময় দ্রুত ব্যবস্থা নেওয়ায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও মিল কর্তৃপক্ষ জানায় দুপুরে কারখানার ভেতরে গ্যাস দিয়ে লোহা কাটার কাজ করছিলেন শ্রমিকরা। লোহা কাটার সময় আগুনের স্ফুলিঙ্গ গিয়ে পড়ে কারখানায় জমানো সিসা তামা পিতল ও অ্যালুমিনিয়ামসহ বিভিন্ন দাহ্য পদার্থের ওপর। মুহূর্তের মধ্যেই সেই আগুন বড় আকার ধারণ করে চারদিকে ছড়িয়ে পড়ে। 

আগুনের শিখা ও কালো ধোঁয়া দেখে কারখানার শ্রমিক ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টার টানা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। সময়মতো আগুন নিয়ন্ত্রণে আসায় কারখানার মূল অংশ এবং আশপাশের এলাকা বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে। তবে আগুনে মিলের ওয়েস্টেজ সেকশনে থাকা কয়েক টন কাঁচামাল সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে যে অগ্নিকাণ্ডে আনুমানিক ৭ থেকে ১০ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আল মামুন গণমাধ্যমকে জানান গ্যাস কাটিং করার সময় অসাবধানতাবশত আগুন চারদিকে ছড়িয়ে পড়েছিল। যেহেতু সেখানে প্রচুর দাহ্য কাঁচামাল ছিল তাই আগুন দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মিলের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার পরামর্শ দেওয়া হয়েছে যেন ভবিষ্যতে এমন দুর্ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। বর্তমানে কারখানার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বিশদভাবে খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।