জানুয়ারি ২৫, ২০২৬, ১০:১১ এএম
গাজীপুরের শ্রীপুর উপজেলায় অটোরিকশা চলাচলের অনুমতি প্রদান এবং পুলিশি হয়রানি বন্ধের দাবিতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শত শত অটোরিকশা চালক। আজ রোববার সকাল আনুমানিক ৮টা ৩৫ মিনিটে শ্রীপুর থানাধীন পুরান বাজার এলাকার তুলা গবেষণা কেন্দ্রের সামনে এই অবরোধ কর্মসূচি পালন করা হয়।
চালকদের এই আকস্মিক কর্মসূচির কারণে মহাসড়কের উভয় লেনে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় যা সাধারণ যাত্রী ও কর্মজীবীদের চরম ভোগান্তিতে ফেলেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে প্রায় ২০০ থেকে ২৫০ জন অটোরিকশাচালক লাঠিসোটা নিয়ে মহাসড়কে অবস্থান নেন। এ সময় তারা মহাসড়কে ছোট এই যানগুলো চলাচলের বৈধ অনুমতি দেওয়ার জন্য স্লোগান দিতে থাকেন। চালকদের অভিযোগ দীর্ঘদিন ধরে ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশ তাদের রাস্তা থেকে অন্যায়ভাবে সরিয়ে দিচ্ছে এবং আর্থিক জরিমানা করে হয়রানি করছে।
তারা দাবি করেন যে বিকল্প কর্মসংস্থান না থাকা সত্ত্বেও প্রশাসনের এই কড়াকড়ি তাদের জীবিকাকে হুমকির মুখে ফেলেছে।অবরোধের কারণে ঢাকা ও ময়মনসিংহগামী বাস ট্রাকসহ শত শত যানবাহন মহাসড়কের দীর্ঘ পথজুড়ে আটকে পড়ে। এতে বিশেষ করে সকালের শিফটে অফিসগামী মানুষ এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা বেশি বিপাকে পড়েন। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর অনেক যাত্রীকে বাধ্য হয়েই বাস থেকে নেমে হেঁটে গন্তব্যের দিকে রওনা হতে দেখা যায়। পরিস্থিতি সামাল দিতে শ্রীপুর থানা পুলিশ এবং হাইওয়ে পুলিশের একাধিক টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের শান্ত করার চেষ্টা করে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির আহমেদ জানান অটোরিকশা চালকদের অবরোধের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়েছে। মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে এবং যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ চালকদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন মহাসড়ক থেকে অবরোধকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে এবং খুব দ্রুতই যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা যাচ্ছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন