বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬,

জামায়াতকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন এলডিপির প্রার্থী

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২৫, ২০২৬, ০৪:১৩ পিএম

জামায়াতকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন এলডিপির প্রার্থী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনে নির্বাচনী মেরুকরণে বড় ধরনের পরিবর্তন এসেছে। এই আসনে ১১ দলীয় জোটের শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রার্থী মোকফার উদ্দিন চৌধুরী জামায়াতে ইসলামীর প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন। 

আজ রোববার (২৫ জানুয়ারি) দুপুরে সংবাদমাধ্যম কালবেলাকে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। মূলত জোটের ভোট যাতে ভাগ হয়ে না যায় এবং প্রতিপক্ষ প্রার্থী যেন বাড়তি সুবিধা না পান, সেই কৌশলগত কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

মোকফার উদ্দিন চৌধুরী জানান, "আমরা ১১ দলীয় জোটের অন্তর্ভুক্ত। আমরা চাই না নিজেদের মধ্যে প্রার্থী রেখে এমন কোনো পরিস্থিতির সৃষ্টি করতে যেখানে অন্য কোনো প্রার্থী সুযোগ পেয়ে যান। জোটের বৃহত্তর স্বার্থে এবং স্থানীয় মাঠের সমীকরণ বিবেচনায় আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করছি।

তিনি আরও জানান, আজ দুপুরের পর ভোলা প্রেস ক্লাবে এলডিপির জেলা সভাপতি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। আনুষ্ঠানিকভাবে সমর্থন দেওয়ার পর তিনি নিজে জামায়াত প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় নামবেন বলেও জানিয়েছেন।এর আগে আজ সকালে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা ফজলুল করিমের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করে তাকে মুঠোফোনে কল দেন মোকফার উদ্দিন চৌধুরী। 

এ সময় তিনি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি তাকে পূর্ণ সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এলডিপি প্রার্থীর এই সরে দাঁড়ানোর ফলে ভোলা-২ আসনে জামায়াতের প্রার্থীর অবস্থান আরও শক্তিশালী হলো। ১১ দলীয় জোটের এই ঐক্যবদ্ধ অবস্থান অন্যান্য আসনেও জোটের সংহতি বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।