জানুয়ারি ২৫, ২০২৬, ০৯:৫২ পিএম
“কুষ্ঠরোগ নিরাময়যোগ্য, সামাজিক কুসংস্কার প্রকৃত বাধা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে পালিত হয়েছে ৭৩তম বিশ্ব কুষ্ঠ দিবস। দিবসটি উপলক্ষে রবিবার (২৫ জানুয়ারি) সকালে জেলা সদরের মাগুড়া প্রধানপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।শোভাযাত্রাটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিদ্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।
পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজা বেগম।
তিনি বলেন কুষ্ঠ কোনো অভিশাপ নয়, এটি একটি সাধারণ ব্যাকটেরিয়াজনিত রোগ যা নিয়মিত চিকিৎসায় সম্পূর্ণ ভালো হয়। সমাজের কুসংস্কার দূর করে আক্রান্তদের চিকিৎসার আওতায় আনাই আমাদের লক্ষ্য।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. শাহজাহান, টিএলএমআইবি (দ্য লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ) নীলফামারীর রুরাল হেলথ্ প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার মো. আনোয়ার হোসেন, মাগুড়া প্রধানপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কাশেম, সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. জিয়া উদ্দিন এবং প্রোগ্রাম অর্গানাইজার (টিবি-লেপ্রসি) মো. নাহিদ মাহবুব।
বক্তারা কুষ্ঠ রোগের লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার আহ্বান জানান। শোভাযাত্রা ও আলোচনা সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, এনজিও কর্মকর্তা, কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন