জানুয়ারি ২৭, ২০২৬, ০৭:৫২ পিএম
আগামী ৩১ জানুয়ারি রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের পক্ষ থেকে ডাকা ‘প্রতিবাদী সমাবেশ’ নিয়ে রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম হয়েছে। এই সমাবেশকে জামায়াতের একটি ‘যুগান্তকারী মুভমেন্ট’ হিসেবে অভিহিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)-এর এজিএস (শিবির সমর্থিত প্যানেল) আয়েশা সিদ্দিকা মেঘলা।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। একইসঙ্গে তিনি এই সমাবেশের মাধ্যমে জামায়াতের নারী নেতৃত্বের বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলেও জানিয়েছেন।
মেঘলা তার পোস্টে উল্লেখ করেন যে, এর আগে জামায়াতের মহাসমাবেশ চলাকালীন তিনি নারীদের জন্য পৃথক সমাবেশের প্রয়োজনীয়তার কথা বলেছিলেন। সে সময় অনেকেই বিষয়টি অসম্ভব বলে মনে করেছিলেন।
অনেকে যুক্তি দিয়েছিলেন যে জেলা পর্যায় থেকে নারী কর্মীদের একা আসা, মাহরাম বা সন্তানদের সঙ্গে নিয়ে আসা বেশ কঠিন হবে। তবে মেঘলা আন্তর্জাতিক নারী প্রোগ্রামগুলোর উদাহরণ টেনে মনে করতেন, বহির্বিশ্বের নারীরা পারলে বাংলাদেশের নারীরাও তা সম্ভব করতে পারবেন। ৩১ জানুয়ারির এই সমাবেশটি জামায়াতের মহিলা বিভাগের নিজেদের শক্তি ও সামর্থ্য প্রমাণের সেরা সুযোগ বলে তিনি মনে করেন।জাকসু এজিএস আরও লেখেন যে, নির্বাচনের আগে জামায়াতে ইসলামী ‘পলিসি সামিট’ করে রাজনৈতিক অঙ্গনে যে চমক দিয়েছিল, এই নারী সমাবেশও হয়তো তেমনি কোনো বড় চমক হবে।
তিনি বিষয়টিকে জামায়াতের রাজনীতির একটি ইতিবাচক কৌশলগত পরিবর্তন হিসেবে দেখছেন। উল্লেখ্য যে, সারা দেশে নির্বাচনি প্রচারণার সময় জামায়াতের নারী কর্মীদের ওপর হামলা ও হেনস্তার প্রতিবাদে এই সমাবেশের ডাক দেওয়া হয়েছে। জামায়াত নেতাদের মতে, এই সমাবেশের মাধ্যমেই তারা প্রমাণ করবেন যে বাংলাদেশের রাজনীতিতে নারীদের সক্রিয় অংশগ্রহণ এবং সুরক্ষা নিশ্চিত করা কতটা জরুরি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন