বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬,

নবাবগঞ্জে ৪৯১ বস্তা সার পাচারের চেষ্টা, ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

অলিউর রহমান মিরাজ 

জানুয়ারি ৩০, ২০২৬, ০৫:৩৬ পিএম

নবাবগঞ্জে ৪৯১ বস্তা সার পাচারের চেষ্টা, ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের নবাবগঞ্জে কৃষকদের জন্য বরাদ্দ করা ৪৯১ বস্তা সার অন্য উপজেলায় পাচারের চেষ্টা করায় জীবন মন্ডল নামে এক বিএডিসি ডিলারকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান এই দণ্ড প্রদান করেন।

দণ্ডিত জীবন মন্ডল উপজেলার বিনোদনগরের মেসার্স মন্ডল ট্রেডার্সের স্বত্বাধিকারী।জানা গেছে, যশোরের নওয়াপাড়া থেকে নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর ইউনিয়নের কৃষকদের জন্য ৭৯১ বস্তা ডিএপি সার বরাদ্দ করা হয়। 

ডিলার জীবন মন্ডল ৩০০ বস্তা সার তাঁর গুদামে নামিয়ে বাকি ৪৯১ বস্তা সার ট্রাকে করে পার্শ্ববর্তী পার্বতীপুর উপজেলার আমবাড়িতে পাচারের চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে কালিরহাট এলাকা থেকে স্থানীয় কৃষকরা ট্রাকটি আটক করে প্রশাসনকে খবর দেয়। পরে ট্রাকটি উপজেলা পরিষদ চত্বরে আনা হয় এবং অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

ট্রাকচালক মো. লাভলু জানান, চুক্তি অনুযায়ী নবাবগঞ্জের সার পার্বতীপুরের আমবাড়িতে নিয়ে যাওয়ার কথা ছিল তাঁর। স্থানীয় কৃষকদের অভিযোগ, আমবাড়িতে ডিলার জীবন মন্ডলের শ্বশুরেরও বিএডিসির ডিলার পয়েন্ট আছে, সেখানেই সম্ভবত সারের বস্তাগুলো নেওয়া হচ্ছিল।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম ইলিয়াস জানান, সারের কালোবাজারি রোধে আমাদের কঠোর নজরদারি রয়েছে। তবে একই পরিবারের একাধিক সদস্যের ডিলারশিপ থাকার বিষয়ে হাইকোর্টের স্থগিতাদেশ থাকায় ওই ডিলারের বিরুদ্ধে এখনই চূড়ান্ত ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না। তবে এই জরিমানা পাচারকারীদের প্রতি কঠোর বার্তা।