শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের প্রয়াণে ঠাকুরগাঁওয়ে শোকের ছায়া

রবিউল এহ্সান রিপন

ফেব্রুয়ারি ৭, ২০২৬, ১১:২৯ পিএম

সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের প্রয়াণে ঠাকুরগাঁওয়ে শোকের ছায়া

ছবি-দিনাজপুর টিভি

ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেনের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। শনিবার (০৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ঠাকুরগাঁওয়ের রুহিয়া এলাকার স্থানীয় শ্মশান ঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। এর আগে প্রয়াত এই নেতার মরদেহে শ্রদ্ধা জানাতে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে গিয়ে তাঁর বাসভবনে ভিড় করেন সর্বস্তরের মানুষ।

শনিবার বিকেলে রমেশ চন্দ্র সেনের মরদেহ রুহিয়ার নিজ বাসভবনে নেওয়া হলে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। নির্বাচনী প্রতিদ্বন্দ্বী ও দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিপক্ষ হওয়া সত্ত্বেও শেষ বিদায় জানাতে তাঁর বাসভবনে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

তিনি প্রয়াতের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।মির্জা ফখরুলের শ্রদ্ধা নিবেদনের কিছু সময় পর ঠাকুরগাঁও-১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জামায়াত নেতা মো. দেলাওয়ার হোসেনও প্রয়াত রমেশ চন্দ্র সেনকে শেষবারের মতো দেখতে যান এবং শ্রদ্ধা নিবেদন করেন। 

এছাড়াও আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা তাঁকে শেষ বিদায় জানান।উল্লেখ্য, দিনাজপুর জেলা কারাগারে বন্দি থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শনিবার সকাল ৯টা ১০ মিনিটে রমেশ চন্দ্র সেনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে সকাল ৯টা ২৯ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তাঁর প্রয়াণে ঠাকুরগাঁওয়ের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।