শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

চট্টগ্রাম বন্দর অচল, শুরু অনির্দিষ্টকালের কর্মবিরতি

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৩:৩৩ পিএম

চট্টগ্রাম বন্দর অচল, শুরু অনির্দিষ্টকালের কর্মবিরতি

নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে আজ রোববার সকাল ৮টা থেকে চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে। ‘চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’ ও ‘শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)’-এর ডাকে এই কর্মসূচির ফলে বন্দরের জেটি, ইয়ার্ড, টার্মিনাল এবং বহির্নোঙরে পণ্য খালাসসহ সব ধরনের অপারেশনাল কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে। 

এর ফলে দেশের প্রধান এই সমুদ্রবন্দর কার্যত অচল হয়ে পড়েছে, যা আমদানিকারক ও রপ্তানিকারকদের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি করেছে।আন্দোলনকারীদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—

এনসিটি পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠান ‘ডিপি ওয়ার্ল্ড’-কে দেওয়ার প্রক্রিয়া বাতিল করা, বর্তমান বন্দর চেয়ারম্যান এস এম মনিরুজ্জামানকে প্রত্যাহার এবং আন্দোলনরত শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা ও শাস্তিমূলক ব্যবস্থা বাতিল করা। 

সংগ্রাম পরিষদের সমন্বয়ক ইব্রাহিম খোকন অভিযোগ করেছেন যে, আলোচনার কথা বলে প্রশাসন উল্টো শ্রমিক নেতাদের হয়রানি করছে এবং দুজনকে ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই লাগাতার ধর্মঘট চলবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে বন্দর এলাকায় বিপুলসংখ্যক পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। বন্দর কর্তৃপক্ষ আজ সকালে জরুরি সভার ডাক দিলেও আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করেছেন। উল্লেখ্য যে, গত ৫ ফেব্রুয়ারি নৌ উপদেষ্টার আশ্বাসে সাময়িকভাবে কর্মবিরতি স্থগিত করা হলেও শ্রমিক নেতাদের ওপর ‘দেশত্যাগে নিষেধাজ্ঞা’ ও ‘দুদকের চিঠির’ প্রতিবাদে আবারও এই কঠোর কর্মসূচিতে ফিরেছেন তারা। এই অচলাবস্থার কারণে তৈরি পোশাক শিল্পসহ দেশের সামগ্রিক সরবরাহ চেইন মারাত্মক হুমকির মুখে পড়ার আশঙ্কা করা হচ্ছে।