রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

পঞ্চগড়ে নদীতে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

আবু সালেহ মোঃ রায়হান

মার্চ ৫, ২০২৬, ১০:১৫ পিএম

পঞ্চগড়ে নদীতে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

নদীতে অবৈধ বালু উত্তোলনে জরিমানা।ছবি-দিনাজপুর টিভি

পঞ্চগড়ের বোদা উপজেলায় ধরধরা সেতু এলাকায় অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের দায়ে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম এই আদালত পরিচালনা করেন। ভূমি ও মাটি ব্যবস্থাপনা আইনে এ জরিমানা আদায় করা হয়।

জানা গেছে, বোদা উপজেলার ধরধরা ও আটোয়ারী উপজেলার ভাটিয়াপাড়া এলাকায় ধরধরা খালের ওপর একটি সেতুর নির্মাণ কাজ শেষ হয়েছে। বর্তমানে সেতুর সংযোগ সড়ক নির্মাণের কাজ চলছে। তবে এই কাজে ব্যবহারের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানটি নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছিল। খবর পেয়ে উপজেলা প্রশাসন সেখানে অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সরকারি কাজে অবৈধ উপায়ে ড্রেজার ব্যবহার করে বালু উত্তোলনের প্রমাণ পাওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে নগদ প্রদান করে প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা। একই সঙ্গে সংশ্লিষ্ট স্থানে নদী থেকে বালু উত্তোলনের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম জানান, সরকারি উন্নয়নমূলক কাজ হলেও নদী বা খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কোনো সুযোগ নেই। পরিবেশ রক্ষা ও আইন প্রতিপালনে প্রশাসনের এমন তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। অভিযানের সময় আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।