এপ্রিল ৪, ২০২৬, ১০:৪৬ পিএম
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় কৃত্রিম সংকট সৃষ্টি করে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করার অপরাধে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। শনিবার ৪ এপ্রিল সকালে উপজেলার প্রাণকেন্দ্র ফকিরগঞ্জ বাজারের ‘রিপন এন্টারপ্রাইজ’ নামের একটি দোকানে এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।
সরকার নির্ধারিত দামের তোয়াক্কা না করে চড়া দামে ডিজেল বিক্রি করায় ওই প্রতিষ্ঠানের ম্যানেজারকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এদিন সকালে দিনাজপুর জেলার সেতাবগঞ্জ থেকে মোঃ রাজু নামের এক হারভেস্টার মালিক ডিজেল কেনার উদ্দেশ্যে ফকিরগঞ্জ বাজারের ওই দোকানে আসেন। তিনি রিপন এন্টারপ্রাইজ থেকে ৮০ লিটার ডিজেল ক্রয় করতে চাইলে কর্তৃপক্ষ তাঁর কাছে প্রতি লিটার ১২০ টাকা দাবি করে।
অথচ বর্তমান সরকার নির্ধারিত ডিজেলের খুচরা মূল্য ছিল প্রতি লিটার ১০৫ টাকা। চাষাবাদের মৌসুমে তেলের সংকটের কথা ভেবে নিরুপায় হয়ে ওই ক্রেতা অতিরিক্ত দামেই তেল সংগ্রহ করেন। পরে বিষয়টি উপস্থিত সাধারণ মানুষ জানতে পারলে সেখানে ব্যাপক হট্টগোল ও উত্তেজনার সৃষ্টি হয়।মুহূর্তের মধ্যেই খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিপামনি দেবী এবং আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মতিয়ার রহমান।
তাঁরা অভিযোগের সত্যতা যাচাই করেন এবং ক্রেতার কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত টাকা নেওয়ার প্রমাণ পান। এরপর ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী তাৎক্ষণিকভাবে ভোক্তা অধিকার আইনে রিপন এন্টারপ্রাইজের ম্যানেজার মোঃ মামুনকে ৩০ হাজার টাকা জরিমানা করার আদেশ দেন।দণ্ডাদেশ প্রদানের পর ইউএনও রিপামনি দেবী উপস্থিত ব্যবসায়ী ও জনসাধারণের উদ্দেশ্যে সতর্কবার্তা প্রদান করেন। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে কোনোভাবেই জ্বালানি তেলের অবৈধ মজুদ কিংবা কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দামে বিক্রি করা সহ্য করা হবে না।
সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার তদারকি এবং এমন কঠোর নজরদারি অব্যাহত থাকবে। যেখানেই এই ধরনের অনিয়ম বা চড়া দামে পণ্য বিক্রির অভিযোগ পাওয়া যাবে, সেখানেই দ্রুততম সময়ের মধ্যে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযানে থানা পুলিশের একটি দল শান্তি-শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা প্রদান করে। স্থানীয়রা প্রশাসনের এই তাৎক্ষণিক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন