এপ্রিল ৫, ২০২৬, ১১:৩৭ এএম
গাজীপুরের টঙ্গীতে একটি বহুতল আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার ৫ এপ্রিল সকাল পৌনে ৯টার দিকে টঙ্গীর মধুমিতা রেলগেট সংলগ্ন ‘এম এ কুদ্দুস’ নামক ভবনের অষ্টম তলায় এই আগুনের সূত্রপাত হয়। হঠাৎ করে ভবনের ওপরের তলায় ধোঁয়া ও আগুনের শিখা দেখে ওই এলাকার বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার কর্মীদের প্রায় আধা ঘণ্টার নিরলস প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে ওই কক্ষের ভেতরে থাকা আসবাবপত্রসহ বিভিন্ন মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের সময় ওই বাসাটি তালাবদ্ধ ছিল এবং ভেতরে কেউ না থাকায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।স্থানীয় বাসিন্দারা জানান, সকালে ভবনের অষ্টম তলার একটি তালাবদ্ধ কক্ষ থেকে আগুনের লেলিহান শিখা বের হতে দেখেন অন্যান্য ভাড়াটিয়ারা।
মুহূর্তের মধ্যে পুরো ফ্লোরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মানুষ দিগ্বিদিক ছুটতে শুরু করে। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সময়মতো ফায়ার সার্ভিস না পৌঁছালে আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা।টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. শাহিন আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে।
তিনি আরও বলেন, যেহেতু অগ্নিকাণ্ডের সময় বাসায় কেউ ছিল না, তাই কোনো প্রাণহানি ঘটেনি। তবে আগুনের তীব্রতায় ঘরের ভেতর থাকা মালামালের বেশ ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত সাপেক্ষে পরবর্তীতে জানানো হবে। বর্তমানে ভবনটি নিরাপদ রয়েছে এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে অগ্নিনির্বাপণ পরবর্তী পর্যবেক্ষণ সম্পন্ন করা হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন