এপ্রিল ২১, ২০২৬, ০৫:৩২ পিএম
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে গভীর রাতে ফিলিং স্টেশন থেকে পেট্রল সংগ্রহ করে সীমান্ত এলাকায় দ্বিগুণ দামে বিক্রির দায়ে একটি চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর আগে সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ২০০ লিটার পেট্রলসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন উপজেলার আমজানখোর ইউনিয়নের স্কুলহাট গ্রামের আব্দুল কাদেরের ছেলে জাহিরুল ইসলাম (৩২) এবং হরিণমারী নয়াপাড়া গ্রামের সরিফ উদ্দীনের ছেলে জহিরুল ইসলাম (৩০)।
বালিয়াডাঙ্গী থানা-পুলিশের একটি বিশেষ দল সোমবার গভীর রাতে অভিযান পরিচালনা করে এই বিপুল পরিমাণ জ্বালানি তেলসহ তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। মঙ্গলবার দুপুরে তাদের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান উল হকের কার্যালয়ে হাজির করা হলে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ড প্রদান করেন।
আদালতে অভিযুক্তরা নিজেদের অপরাধ স্বীকার করে জানান, তারা নেকমরদ এলাকার একটি ফিলিং স্টেশন থেকে গভীর রাতে প্রতি লিটার পেট্রল ২০০ টাকা দরে সংগ্রহ করতেন। সংগৃহীত এই পেট্রল পরবর্তীতে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় নিয়ে প্রতি লিটার ৪০০ টাকা দরে বিক্রি করতেন। তারা মূলত তেলের বাহক হিসেবে কাজ করলেও এই পুরো চক্রটি পরিচালনা করতেন কালীবাড়ি গ্রামের আব্দুল খালেক নামের এক ব্যক্তি। ঘটনার পর থেকেই মূল হোতা আব্দুল খালেক পলাতক রয়েছেন। পুলিশ তাঁর বাড়িতে একাধিকবার অভিযান চালালেও সন্ধান পায়নি এবং তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান উল হক গণমাধ্যমকে জানান, অবৈধভাবে তেল মজুত ও কালোবাজারি করার অপরাধ স্বীকার করায় আটক দুজনকে আর্থিক জরিমানা করা হয়েছে। এ ছাড়া জব্দকৃত ২০০ লিটার পেট্রল সরকারি নির্ধারিত মূল্যে পুলিশ ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খোলাবাজারে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, সীমান্ত এলাকায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি বা পাচারের সঙ্গে যারা জড়িত, তাদের চিহ্নিত করতে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।
অবৈধ তেল মজুত বা বিক্রির বিষয়ে কোনো তথ্য থাকলে তা দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান তিনি।জ্বালানি তেলের এই অস্বাভাবিক দাম বৃদ্ধি ও পাচার রোধে স্থানীয় প্রশাসনের এমন কঠোর অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। পলাতক আব্দুল খালেককে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন