এপ্রিল ২৪, ২০২৬, ১১:৪৭ পিএম
নেত্রকোনার পূর্বধলায় একটি জ্বালানি তেলের পাম্পে তেল নিতে গিয়ে হামলার শিকার হয়েছেন নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াত নেতা মোস্তফা মাসুম। শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার মেসার্স গিরিপথ ফিলিং স্টেশনে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। হামলায় সংসদ সদস্যের ব্যক্তিগত গাড়িটি ব্যাপক ভাঙচুর করা হয়েছে এবং একজন জামায়াত নেতা আহত হয়েছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে মেসার্স গিরিপথ ফিলিং স্টেশনে সাময়িকভাবে জ্বালানি তেল সরবরাহ বন্ধ হয়ে গেলে সেখানে অপেক্ষমাণ মোটরসাইকেল চালকদের ভিড় জমে। ওই সময় সংসদ সদস্য মোস্তফা মাসুম তার গাড়ির জন্য তেল নিতে সেখানে উপস্থিত হন।
বিশৃঙ্খলা এড়াতে তিনি তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে বিষয়টি জানান। পরবর্তীতে প্রশাসনের হস্তক্ষেপে পুনরায় তেল সরবরাহ শুরু হয়।
পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে সংসদ সদস্য পাম্প সংলগ্ন নামাজ ঘরে মাগরিবের নামাজ আদায় করতে যান। ঠিক সেই মুহূর্তেই একদল লোক অতর্কিতভাবে তার গাড়ির ওপর হামলা চালায় এবং জানালার কাঁচ ভাঙচুর করে। উদ্ভূত পরিস্থিতিতে সংসদ সদস্য দীর্ঘক্ষণ নামাজ ঘরের ভেতরেই অবরুদ্ধ হয়ে পড়েন। হামলাকারীদের বাধা দিতে গিয়ে বিশ্বনাথপুর ইউনিয়ন জামায়াতের আমির বাবলু মিয়া আহত হন।
উপজেলা জামায়াতের নায়েবে আমির জয়নাল আবেদীন জানান, গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) একজন জামায়াত কর্মীর ফেসবুক পোস্টকে কেন্দ্র করে পূর্বধলায় বিএনপি ও তাদের সহযোগী সংগঠনগুলো একটি বিক্ষোভ মিছিল করেছিল। মূলত সেই ঘটনার জের ধরেই পরিকল্পিতভাবে আজকের এই হামলা চালানো হয়েছে বলে তারা মনে করছেন।
হামলার বিষয়ে সংসদ সদস্য মোস্তফা মাসুম গণমাধ্যমকে বলেন, "বিএনপির কিছু উচ্ছৃঙ্খল নেতাকর্মী এই ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটিয়েছে। আমরা দলীয়ভাবে আলোচনার পর এই বিষয়ে আইনি পদক্ষেপ নেব। তবে এই ঘটনা রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে।"
অন্যদিকে, হামলার অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাবুল আলম তালুকদার বলেন, "ঘটনা শোনার পরপরই আমি সেখানে উপস্থিত হয়েছি। আমি নিজে প্রশাসনকে সঙ্গে নিয়ে আমার গাড়িতে করে সংসদ সদস্যকে নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছি। এখানে বিএনপির সাংগঠনিক কোনো সংশ্লিষ্টতা নেই।"
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসনিম জাহান জানান, খবর পেয়েই পুলিশ ও প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে ইউএনও`র সরকারি গাড়িতে করে এমপিকে নিরাপদে জামায়াত কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন, তবে তদন্তের স্বার্থে তিনি তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন