এপ্রিল ২৫, ২০২৬, ০৩:৪২ পিএম
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে নিশাত ইসলাম নামের এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার মধ্যরাতে উপজেলার দেবীগঞ্জ সদর ইউনিয়নের হাজিপাড়া এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।
মূলত মন্ত্রীর একটি বক্তব্য শেয়ার করে কুরুচিপূর্ণ ক্যাপশন দেওয়ায় স্থানীয় রাজনৈতিক মহলে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিষয়টি শেষ পর্যন্ত আইনি প্রক্রিয়ায় গড়ায়।
গ্রেপ্তারকৃত নিশাত ইসলাম স্থানীয় সোনাহার বিএম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী এবং ওই এলাকার মো. আশরাফ আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিশাত তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের জাতীয় সংসদে দেওয়া একটি ভিডিও বক্তব্য শেয়ার করেন।
পোস্টের ক্যাপশনে তিনি অত্যন্ত আপত্তিকর ভাষা ব্যবহার করেন এবং মন্ত্রীকে উদ্দেশ্য করে ‘গাঁজাখোর’ হিসেবে সম্বোধন করেন। পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। অবস্থা বেগতিক দেখে নিশাত পরে পোস্টটি মুছে ফেললেও ততক্ষণে স্ক্রিনশট ও তথ্যের ভিত্তিতে পুলিশি তৎপরতা শুরু হয়।এই ঘটনায় শনিবার সকালে দেবীগঞ্জ সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম বাদী হয়ে দেবীগঞ্জ থানায় সাইবার সুরক্ষা আইনে একটি মামলা দায়ের করেন।
মামলার নথিতে উল্লেখ করা হয়েছে যে, অভিযুক্ত কিশোর উদ্দেশ্যমূলকভাবে সরকারের একজন দায়িত্বশীল ব্যক্তি ও স্থানীয় জন প্রতিনিধির মানহানি করার জন্য এমন কুরুচিপূর্ণ মন্তব্য ছড়িয়েছে। আইনি ব্যবস্থা নিতে দেবীগঞ্জ থানার উপপরিদর্শক রাশেদুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ দল অভিযানে অংশ নেয় এবং অভিযুক্ত শিক্ষার্থীকে হেফাজতে নেয়।দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে, প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর পোস্ট দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সাইবার সুরক্ষা আইনে মামলা রুজু করা হয়েছে।
কিশোর নিশাত বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে বিকেলে আদালতে সোপর্দ করা হবে বলে জানানো হয়েছে। একইসাথে পুলিশ সাধারণ মানুষকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে আরও দায়িত্বশীল হওয়ার এবং কারো ব্যক্তিগত বা রাষ্ট্রীয় সম্মান ক্ষুণ্ণ হয় এমন কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করেছে। সংশ্লিষ্ট এলাকায় বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন