এপ্রিল ২৬, ২০২৬, ০৬:০৫ পিএম
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বৈশাখী ঝড়ের কবলে পড়ে বজ্রপাতে এক শিশুসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার বিকেলে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। বজ্রপাতের এই ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সময় ওই স্থানে থাকা আরও একজন গুরুতর আহত হওয়ার পাশাপাশি একটি গবাদিপশুও মারা গেছে বলে স্থানীয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
নিহতরা হলেন দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামের বাসিন্দা ও ধোপাডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সুজা চৌধুরীর ছেলে ফুয়াদ (৩২), একই গ্রামের ছোটন মিয়ার ছেলে রাফি (২২) এবং নবীর হোসেনের ছেলে মিজান (১২)। এ ঘটনায় আহত ১৮ বছর বয়সী তরুণ শামীম একই এলাকার আব্দুল হাই মিয়ার ছেলে। বর্তমানে তিনি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, রোববার বিকেল চারটার দিকে হঠাৎ করেই উত্তর-পশ্চিম কোণ থেকে আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং বজ্রসহ ঝোড়ো বৃষ্টি শুরু হয়। ওই সময় ফুয়াদ, রাফি ও কিশোর মিজান বাড়ির পাশের একটি রাস্তায় অবস্থান করছিলেন।
হঠাৎ তীব্র শব্দের একটি শক্তিশালী বজ্রপাত সরাসরি তাদের ওপর আঘাত হানে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। একই সময় পাশে থাকা একটি গরুও বজ্রাঘাতে প্রাণ হারায়। গ্রামবাসী দ্রুত এগিয়ে এসে আহত শামীমকে উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।একই গ্রামের একই সাথে তিনজনের এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় বর্তমানে মাতম চলছে।
নিহতদের বাড়িতে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে। খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নিয়েছেন এবং প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। চলতি মৌসুমে উত্তরাঞ্চলে বজ্রপাতের হার বেড়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন