এপ্রিল ২৬, ২০২৬, ০৯:৫০ পিএম
কুড়িগ্রামের রৌমারী ও চর রাজীবপুর উপজেলায় গত দু’দিন ধরে বিদ্যুৎ সরবরাহ ও মোবাইল নেটওয়ার্ক পরিষেবা পুরোপুরি বন্ধ রয়েছে। শনিবার থেকে রোববার সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত নিরবচ্ছিন্ন সেবা না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন দুই উপজেলার কয়েক লাখ মানুষ। বিদ্যুৎ ও নেটওয়ার্কের পাশাপাশি জ্বালানি সংকটের কারণে এলাকা দুটিতে যানবাহন চলাচলও সীমিত হয়ে পড়েছে।
এতে সাধারণ জনজীবনের পাশাপাশি স্থবির হয়ে পড়েছে ব্যবসা-বাণিজ্য ও জরুরি ব্যাংকিং সেবা।স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রৌমারী ও রাজীবপুর এলাকায় গত ৪৮ ঘণ্টা ধরে বাংলালিংক, রবি, এয়ারটেল ও গ্রামীণফোনের কোনো নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না।
বিদ্যুৎ না থাকায় মোবাইলের টাওয়ারগুলো অচল হয়ে পড়েছে। ফলে জরুরি প্রয়োজনেও একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না সাধারণ মানুষ। এর সঙ্গে যুক্ত হয়েছে দীর্ঘদিনের জ্বালানি সংকট। গত ১৫ দিন ধরে এই দুই উপজেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ থাকায় সড়কে গণপরিবহন নেই বললেই চলে।
অন্যদিকে বিদ্যুৎ না থাকায় ব্যাটারিচালিত ইজিবাইকগুলোও চার্জ দেওয়া সম্ভব হচ্ছে না। যাতায়াতের প্রয়োজনে দু-একটি যানবাহন পাওয়া গেলেও চালকরা ১০ টাকার ভাড়া ৫০ টাকা পর্যন্ত আদায় করছেন বলে অভিযোগ উঠেছে।বিদ্যুৎহীন এই পরিস্থিতির কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন চলমান এসএসসি পরীক্ষার্থীরা। সন্ধ্যা নামলেই মোমবাতি জ্বালিয়ে পড়াশোনা করতে হচ্ছে তাদের। সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় যানবাহন না পেয়ে পরীক্ষার্থী ও অভিভাবকরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
অন্যদিকে চরাঞ্চলের বাজারগুলোতে এজেন্ট ব্যাংকিং ও ইন্টারনেট ভিত্তিক আর্থিক লেনদেন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ডিজিটাল সংযোগ বিচ্ছিন্ন থাকায় স্থানীয় সংবাদকর্মীরাও তাদের পেশাগত দায়িত্ব পালন করতে এবং খবরাখবর পাঠাতে পারছেন না।রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাফিউর রহমান জানিয়েছেন, এই লোডশেডিং ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতোমধ্যে অবগত করা হয়েছে।
একইভাবে রাজীবপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তাও দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন। তবে এ বিষয়ে বিস্তারিত জানতে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির রৌমারী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। স্থানীয়রা দ্রুত এই পরিস্থিতির অবসান ঘটিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও নেটওয়ার্ক সেবা নিশ্চিত করার জন্য প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন