শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

আশার তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্প অনুষ্ঠিত

মোঃ আব্দুর রাজ্জাক

এপ্রিল ২৯, ২০২৬, ০৫:৩২ পিএম

আশার তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্প অনুষ্ঠিত

ছবি-দিনাজপুর টিভি

বেসরকারি উন্নয়ন সংস্থা আশার আয়োজনে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ এপ্রিল শুরু হওয়া এই ক্যাম্প বুধবার (২৯ এপ্রিল) শেষ হয়। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত লোহাগাড়া ব্রাঞ্চে রোগীদের এই সেবা প্রদান করা হয়েছে।

আশা পীরগঞ্জের লোহাগাড়া ব্রাঞ্চের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ আরশাদ জলিল সোনার সভাপতিত্বে সমাপনী দিনে বিভিন্ন অতিথি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা ঠাকুরগাঁও সদর জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার মোহাম্মদ আজাদুল বারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নম্বর খনগাঁও ইউনিয়নের সদস্য অমল চন্দ্র রায়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও বিএনপি নেতা মোহাম্মদ বাপ্পি চৌধুরী। এছাড়া আশা লোহাগড়া ব্রাঞ্চের এসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার বিলকিস বানু, আশার শিক্ষা সুপারভাইজার মোহাম্মদ ইসমাইল হোসেনসহ ওই ব্রাঞ্চের সকল কর্মী ও কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ক্যাম্পে চিকিৎসক হিসেবে রোগীদের সেবা প্রদান করেন ঠাকুরগাঁওয়ের ফিজিওথেরাপি চিকিৎসক ডাক্তার মোছা. সাজিদা ইবনাত। লোহাগাড়া ব্রাঞ্চের এই ক্যাম্পে প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীরা ফিজিওথেরাপি পরামর্শ ও সেবা গ্রহণ করেন।

আশা কর্তৃপক্ষ জানায়, মানুষের দোরগোড়ায় আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতেই এই ফিজিওথেরাপি ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সমাপনী দিনে বিপুল সংখ্যক সেবাপ্রার্থীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। ক্যাম্প শেষে আয়োজকরা অংশগ্রহণকারী চিকিৎসক ও সেবাপ্রার্থীদের ধন্যবাদ জানান। বর্তমানে এই ক্যাম্পের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।