মে ৮, ২০২৬, ০৮:৫৫ পিএম
শুক্রবার রাতে বাংলাদেশের বিভিন্ন জেলার আকাশজুড়ে এক রহস্যময় আলোর রেখা দেখা গেছে। এই বিরল দৃশ্যটি দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষের চোখে পড়ে এবং মুহূর্তের মধ্যেই এর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার (৮ মে) সন্ধ্যা আনুমানিক ৭টা ৪০ মিনিট থেকে ৮টার মধ্যে আকাশ দিয়ে একটি উজ্জ্বল ও দীর্ঘ আলোর রেখা ধীরগতিতে চলাচল করতে দেখা যায়।
ঢাকা, দিনাজপুর, রাজশাহী, সিলেট এবং চট্টগ্রামসহ প্রায় সব বড় শহর থেকেই এই আলোর রেখাটি দৃশ্যমান হয়।সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে একটি টর্চলাইটের আলোর মতো লম্বাটে বিম বা রেখা ধীরে ধীরে সরে যাচ্ছে।
এটি দেখে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন, আবার কেউ কেউ আতঙ্কিত হয়ে পড়েছেন।
বিজ্ঞানীদের ধারণা এটি কোনো রকেট বা স্যাটেলাইট।
মহাকাশ গবেষকদের প্রাথমিক মতে, এটি কোনো আন্তঃমহাদেশীয় রকেট উৎক্ষেপণের পরবর্তী পর্যায় কিংবা ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেস-এক্সের `স্টারলিঙ্ক` স্যাটেলাইটের সারি হতে পারে। যখন নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়, তখন সেগুলো একই সারিতে নির্দিষ্ট উচ্চতায় ওঠার সময় এমন আলোর রেখার মতো দেখায়।এর আগে গত বছরও একবার একই ধরনের দৃশ্য বাংলাদেশের আকাশ থেকে দেখা গিয়েছিল, যা পরবর্তীতে স্টারলিঙ্ক স্যাটেলাইট হিসেবে নিশ্চিত করা হয়। তবে আজকের এই দৃশ্যটি কোনো উল্কাপিণ্ড ছিল কি না, তা নিয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
আকাশ পরিষ্কার থাকায় দেশের অধিকাংশ জায়গা থেকেই এই রহস্যময় দৃশ্যটি বেশ স্বচ্ছভাবে উপভোগ করতে পেরেছেন পাঠকরা। আবহাওয়া অধিদপ্তর বা স্পার্সো (SPARRSO) থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো বিবৃতি পাওয়া যায়নি। তবে বিশেষজ্ঞদের মতে, আতঙ্কিত হওয়ার কিছু নেই, এটি একটি সাধারণ মহাকাশীয় ঘটনা হওয়ার সম্ভাবনাই বেশি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন